স্বল্পতম সময়ে নির্বাচনের অঙ্গীকার করায় প্রধান উপদেষ্টাকে চারদলের ধন্যবাদ
প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের জাতির উদ্দেশে দেওয়া ভাষণে স্বল্পতম সময়ে নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করায় তাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট।
সোমবার সন্ধ্যায় বনানীর হাওয়া ভবনে চারদল আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া লিখিত বক্তব্যে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা আশা করি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবে।”
প্রধান উপদেষ্টার ভাষণ দেওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর চারদলীয় ঐক্যজোট আনুষ্ঠানিকভাবে তাদের প্রতিক্রিয়া জানালো।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দিন আহম্মাদ, সহ-- সভাপতি এমকে আনোয়ার, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, বিজেপি মহাসচিব শামিম আল মামুন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল লতিফ নেজামী, খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহম্মেদ আব্দুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার বক্তব্যে বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “আমরা মনে করি দেশ ও জনগণের স্বার্থে দীর্ঘমেয়াদি যা কিছু প্রয়োজন তা করার দায়িত্ব নির্বাচিত সরকারের।”
এজন্য তিনি কোনো অজুহাতে দেরি^ না করে যথা শিগগির নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানান।
বিএনপি মহাসচিব বলেন, “প্রধান উপদেষ্টা যে সব বিষয়ের অবতারণা করেছেন তার প্রায় সবগুলোই প্রাসঙ্গিক, কিন্তু কোনটাই নতুন নয়।”
তিনি সন্ত্রাস দমনে চারদলীয় জোট সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
কালো টাকা ও পেশী শক্তির প্রভাবমুক্ত হতে চারদলীয় জোটের আন্তরিকতার কথা উল্লেখ করে তিনি বলেন, “এবারের নির্বাচনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রেও আমরা বিষয়টিতে গুরুত্ব দিয়েছি।”
আওয়ামী লীগের নাম উল্লেখ না করে তিনি অভিযোগ করেন, “অপর একটি বড় দলের প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে এ বিষয়টি প্রতিফলিত হয়নি।”
বিচার বিভাগ পৃথক করার পুরো কাজটিই জোট সরকার করেছে দাবি করে মান্নান ভূঁইয়া বলেন, “বর্তমান তত্ত্বাবধায়ক সরকার সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী এটি কার্যকর করেছে মাত্র।”
প্রধান উপদেষ্টার ভাষণে নিরাপরাধ নাগরিকদের হয়রানি না করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেওয়া নির্দেশ সম্পর্কে ভূঁইয়া বলেন, “আজ (সোমবার) আমরা বিভিন্ন সংবাদপত্রে কয়েকটি অপমৃত্যুর খবর দেখেছি। এটা দুর্ভাগ্যজনক। আশা করি প্রধান উপদেষ্টার বক্তব্য ও বাস্তব কার্যাবলী সঙ্গতিপূর্ণ হবে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মান্নান ভূঁইয়া বলেন, “নির্বাচন কমিশনের কেউ পদত্যাগ করলে সেটি তার নিজস্ব ব্যাপার। আমরা চাই নির্বাচন কমিশন শক্তিশালী হোক।”
দ্রুততম সময় নির্বাচন অনুষ্ঠান বলতে চারদল কী বোঝাচ্ছে জানতে চাইলে তিনি বলেন, “আমরা যথাশিগগির নির্বাচন চাই। তা তিনমাসও হতে পারে।”
বর্তমান তত্ত্বাবধায়ক সরকার সংবিধান সম্মত কিনা এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তিনি বলেন, “এই তত্ত্বাবধায়ক সরকার বিগত তত্ত্বাবধায়ক সরকারের ধারাবাহিকতায় এসেছে।”
ভোটার পরিচয়পত্র সম্পর্কে তিনি বলেন, “পরিচয় পত্র এত তাড়াতাড়ি করা সম্ভব নয়। আমরা মনে করি তত্ত্বাবধায়ক সরকারের উচিত দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা।”
