নির্বাচন কমিশনারা চলে যেতে প্রস্তুত?
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এ আজিজ পদত্যাগ করার পর কমিশন পুনর্গঠনের প্রশ্নে ভারপ্রাপ্ত সিইসিসহ অপর পাঁচ নির্বাচন কমিশনার চলে যেতে প্রস্তুত।
ফখরুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে উপদেষ্টারা নির্বাচন কমিশনারদের বিদায়ের মধ্য দিয়ে কমিশন পুনর্গঠনের কথা বলছেন।
নির্বাচন কমিশনার মোদাব্বির হোসেন চৌধুরী সোমবার সাংবাদিকদের বলেন, “আমাকে ছাড়াই যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে সরে দাঁড়ানোর বিষয়টি বিবেচনা করবো।”
তিনি বলেন, “কমিশনারের চাকরি তো শুধু চাকরির জন্য চাকরি করা নয়। এটি ‘মিশনারি ওয়ার্কের’ মতো। রাষ্ট্রপতি নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তি মনে করে আমাকে কমিশনার নিয়োগ করেছেন। এখন এ পদে থাকার যোগ্যতা নেই মনে করে তিনি যদি আমাকে সরে যেতে অনুরোধ করেন, তাহলে জাতির স্বার্থে অবশ্যই আমি ইতিবাচক সাড়া দেবো।”
এক প্রশ্নের জবাবে মোদাব্বির হোসেন ২১ ডিসেম্বর থেকে ছুটিতে থাকা অপর নির্বাচন কমিশনার স ম জাকারিয়ার নাম উল্লেখ না করেই বলেন, “আমিও মনে করি নির্বাচন কমিশন পুনর্গঠন করা উচিত। কমিশনারের কাজ নির্বাচন করা, মাসের পর মাস ছুটিতে থাকা নয়।”
তিনি আরও বলেন, “উপদেষ্টারা পুনর্গঠনের যে কথা বলছেন, তার অর্থ হতে পারে বর্তমান কমিশনারদের সবার বিদায় অথবা নতুন একজন সিইসি নিয়োগের পর এখনকার দু’জন কমিশনার দিয়েই কাজ চলানো।”
আরেক নির্বাচন কমিশনার মো. সাইফুল আলম রোববারই সাংবাদিকদের বলেছেন, “দেশের স্বার্থে প্রয়োজনে আমি সরে দাঁড়াতে প্রস্তুত।’’
তবে ভারপ্রাপ্ত সিইসি মাহফুজুর রহমান ও কমিশনার মাহমুদ হাসান মনসুর তাঁদের অবস্থান এখনও স্পষ্ট করেননি।
সোমবার বিকেলে নির্বাচন কমিশন কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় কমিশন পুনর্গঠনের প্রশ্নে মাহফুজুর রহমান বলেন, “কোনো কিছু ভাবছি না, এ বিষয়ে কোনো চিন্তা নেই।”
সিইসি এম এ আজিজের পদত্যাগের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
নির্বাচন কমিশনার মাহমুদ হাসান মনসুরও রোববার থেকে সাংবাদিকদের কাছে মুখ খুলছেন না।
এদিকে ছুটিতে থাকা আরেক কমিশনার স ম জাকারিয়া যে কোনো মুহূর্তে পদত্যাগ করবেন, এ ধরনের খবর এখন কমিশন কর্মকর্তাদের মুখে মুখে। ছুটিতে যাওয়ার পর থেকে সাংবাদিকরা তার সঙ্গে যোগাযোগও করতে পারছেন না।
অন্যদিকে, ঘোষিত তফসিল অনুযায়ী নবম জাতীয় নির্বাচন সোমবারই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নজিরবিহীনভাবে এই তফসিল বাতিলের পর নির্বাচন কমিশনের কাজকর্মে এসেছে ব্যাপক শৈথিল্য।
ভারপ্রাপ্ত সিইসি মাহফুজুর রহমান সোমবার বিকেলে বলেন, “আজ সকালে কোনো বৈঠক হয়নি। এমনি আমরা বসে গল্পগুজব করলাম।”
