২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশনে এম এ আজিজের দেড় বছর

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে বিচারপতি এম এ আজিজের বছর দেড়েকের দায়িত্বকাল নানা কারণে ছিল বিতর্কিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2007, 11:33 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

এম এ আজিজ সিইসি হিসেবে দায়িত্ব নেন ২০০৫ সালের ২৩ মে।

ওই বছরের ৬ আগস্ট তৎকালীন দুই নির্বাচন কমিশনার এ কে মোহাম্মদ আলী ও এম এম মুন্সেফ আলী নতুন ভোটার তালিকা না করে ২০০০ সালে করা ভোটার তালিকাই হালনাগাদ করার পক্ষে মত দেন। কিন্তু সিইসি এককভাবে সিদ্ধান্ত দেন নতুন ভোটার তালিকা করার ।

ভোটার তালিকা নিয়ে সৃষ্ট বিতর্ক আদালতে গড়ালে গত বছর ৫ জানুয়ারি হাইকোর্ট ভোটার তালিকা হালনাগাদ করতে বলে। পরে ২৫ মে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের আপিল আবেদন নাকচ করে দিয়ে হাইকোর্টের রায় বহাল রাখেন।

১৬ জানুয়ারি নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান বিচারপতি মাহফুজুর রহমান ও স ম জাকারিয়া। ২৪ জানুয়ারি ইউরোপের ট্রয়কা প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাত করতে চায়। এর আগেই ২৩ জানুয়ারি সিইসি হাসপাতালে ভর্তি হন। ট্রয়কা প্রতিনিধি দল ফিরে যাওয়ার পর ফেব্র“য়ারিতে তিনি কর্মস্থলে ফিরে আসেন। ১৯ এপ্রিল নির্বাচন কমিশনার এ কে মোহাম্মদ আলী ও এম এম মুন্সেফ আলী বিদায় নেন।

নতুন ভোটার তালিকা তৈরির শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। এর মেয়াদ বাড়ানো হয় ১২ মাচ পর্যর্ন্ত। ৩ মে এই তালিকার খসড়া প্রকাশ করা হয়। ৭ মে হাইকোর্ট নির্বাচন কমিশনকে হালনাগাদ ভোটার তালিকা তৈরির কথা বলে।

নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিভিন্ন মহল থেকে সিইসির পদত্যাগের দাবি জোরালো হতে থাকে। তার পদত্যাগ এবং নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে ১৪ দল একের পর এক কর্মসূচি দেয়। পুরো সময় সিইসি ছিলেন একেবারে নিশ্চুপ। প্রায় দুই মাস পর সিইসি ১২ মে সাংবাদিকদের মুখোমুখি হন। স্পষ্ট জানিয়ে দেন তার পদটি সাংবিধানিক এবং পদত্যাগে তার অনীহার কথা।

২৩ মে নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা বাতিল করে। তবে কমিশন ঘোষণা করে নির্বাচনী কার্যালয়ে বসেই ২০০০ সালের ভোটার তালিকা হালনাগাদ করা হবে। এই ঘোষণার পর সিইসি তথা নির্বাচন কমিশন আবারও জড়িয়ে পড়ে বিতর্কে। জুনে তৎকালীন  স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা প্রমুখ একাধিকবার বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ ভোটার তালিকার পক্ষে মত দেন।

ভোটার তালিকা হালনাগাদ করার পদ্ধতির প্রশ্নে একমাস বাক - বিতণ্ডার পর নির্বাচন কমিশন ২০ জুলাই থেকে ২০ আগস্ট বাড়ি বাড়ি গিয়েই ভোটার তালিকা হালনাগাদ করার সিদ্ধান্ত নেয়।

কিন্তু কমিশন এই হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করে ৭ সেপ্টেম্বর। নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী এবার সারাদেশে মোট ভোটারের সংখ্যা হচ্ছে নয় কোটি ৩০ লাখ ৮২ হাজার ৪৯৯ জন। ২০০১ সালে দেশে ভোটারের সংখ্যা ছিল প্রায় সাড়ে সাত কোটি।

ভোটারের সংখ্যা অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে আবারও বিতর্ক ওঠে। বিরোধী দল দাবি করে প্রায় দেড় কোটি ভুয়া ভোটার রয়েছে এই তালিকায়। বিদেশী দাতা গোষ্ঠিও প্রশ্ন তোলে ভোটার সংখ্যার অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে।

এদিকে ৩ সেপ্টেম্বর মাহমুদ হাসান মনসুর নির্বাচন কমিশনার হিসেবে যোগ দেন। তবে যোগদানের আগেই তিনি এক দফা সিইসির সঙ্গে সাক্ষাত করেন। নির্বাচন কমিশন নিয়ে বিতর্ক আরও জোরালো হয়।

২৮ অক্টোবর জোট সরকার বিদায় নিলেও ৫ নভেম্বর কমিশন সচিবালয়ের দেওয়াল থেকে নামানো হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি।

তত্ত্বাবধায়ক সরকার গঠনের পর নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে রাজনৈতিক অস্থিরতার ভেতর সিইসি এম এ আজিজ ২ নভেম্বর সাংবাদিকদের বলেন, উপদেষ্টারা যদি তাকে পদত্যাগের অনুরোধ করেন, তবে তিনি তা ভেবে দেখবেন। কিন্তু এ পর্যন্ত কোনো উপদেষ্টা তার সঙ্গে যোগাযোগ করেননি।

৬ নভেম্বর তিনি ওই বক্তব্য অস্বীকার করেন। একই সঙ্গে অস্বীকার করেন উপদেষ্টা মেজর জেনারেল (অব.) হাসান মশহুদ চৌধূরীর সঙ্গে তার সাক্ষাতের বিষয়টিও।

হাসান মশহুদ নিজেই ওই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করলে ৯ নভেম্বর সিইসি সাংবাদিকদের বলেন, “আমি এ বিষয়ে আর কোনো মন্তব্য করবো না।”

রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বিগ্ন কিনা বা তিনি পদত্যাগ পত্র নিয়ে বঙ্গভবন যাচ্ছেন কি না- ১৩ নভেম্বর সিইসিকে সাংবাদিকরা এ প্রশ্ন করলে তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেন,“কেনো উদ্বিগ্ন হবো? কেনো বঙ্গভবনে যাবো?” তিনি বলেন, “আমি ভাল আছি। যথাসময়েই নির্বাচন হবে।”

১৬ নভেম্বর আকস্মিকভাবে সিইসি, অপর তিন নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান, স ম জাকারিয়া ও মাহমুদ হাসান মনসুর এবং সচিব আবদুর রশীদ সরকারকে নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করেন।

কড়া নিরাপত্তা পাহারায় সন্ধ্যা ৭টা ১০মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত স্থায়ী এই সাক্ষাত শেষে সিইসি এম এ আজিজ সাংবাদিকদের বলেন, “নির্বাচন প্রস্তুতি ও তফসিল ঘোষণা নিয়ে আলোচনা হয়েছে।” কমিশন সংস্কারের প্রশ্নে তখন তিনি বলেন, “নাথিং এলস।”

২০ নভেম্বর তিন উপদেষ্টা মাহবুবুল আলম, সুলতানা কামাল ও আজিজুল হক রাষ্ট্রপতির একটি প্রস্তাব নিয়ে সিইসির সঙ্গে সাক্ষাত করেন। সাক্ষাত শেষে মাহবুবুল আলম একটি সমঝোতা প্রচেষ্টার কথা বললেও পরবর্তী ৪৮ ঘণ্টায় সিইসি ছিলেন নিশ্চুপ।

২১ নভেম্বর কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান সিইসির পদত্যাগ ও কমিশন সংস্কারের প্রশ্নে সাংবাদিকদের বলেন, “আগামীকাল আপনারা সবই জানতে পারবেন।”

২২ নভেম্বর দিনভর অফিসে অনুপস্থিত থাকেন সিইসি। অতিরিক্ত সচিব মোহাম্মাদ জকরিয়া সাংবাদিকদের জানান, “সিইসি ছুটিতে আছেন।” তবে তা কতদিনের কমিশনের কেউই নিশ্চিত করে বলেননি। পরে ভারপ্রাপ্ত সিইসি হিসেবে দায়িত্ব নিয়ে মাহফুজুর রহমান এ এ আজিজের তিন মাসের ছুটিতে যাওয়ার কথা জানান ।

অবশেষে ২১ জানুয়ারি এম এ আজিজ পদত্যাগ করলেন। রাজনৈতিক সংঘাত ও দেশের অর্থনৈতিক ক্ষতি এড়াতে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে এক বিবৃতিতে বলেন।