পাঁচ নির্বাচন কমিশনারও চলে যাচ্ছেন?
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এ আজিজ পদত্যাগ করার পর ভারপ্রাপ্ত সিইসিসহ অপর পাঁচ নির্বাচন কমিশনারের বিদায় এখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে এ বিষয়ে তাঁদের কেউই এ বিষয়ে মুখ খুলতে নারাজ।
ফখরুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে উপদেষ্টারা নির্বাচন কমিশনারদের বিদায়ের মধ্য দিয়ে কমিশন পুনর্গঠনের বিষয়ে বলে আসছেন।
ভারপ্রাপ্ত সিইসি মাহফুজুর রহমান রোববার বিকেলে নির্বাচন কমিশন কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় ২২ জানুয়ারির নির্বাচন বাতিলের কথা জানান উপস্থিত সাংবাদিকদের। সিইসি এম এ আজিজের পদত্যাগের কথা শুনেছেন কী না -- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি এ কথা শুনিনি, এ সম্পর্কে জানিও না।”
নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে কোনো প্রশ্নেরই উত্তর দেননি তিনি।
অপর নির্বাচন কমিশনার মোদাব্বির হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, “ভোটার তালিকার প্রশ্নে যদি পদত্যাগ করতে হয়, তাহলে আমার নাম তো পদত্যাগের তালিকায় থাকার কথা নয়। কারণ আমি কমিশনে এসেছি অনেক পরে।”
অন্য দুই নির্বাচন কমিশনার মাহমুদ হাসান মনসুর ও মো. সাইফুল আলম সাংবাদিকদের কাছে মুখ খোলেননি।
ভারপ্রাপ্ত সিইসি ওই তিনজন কমিশনারকে নিয়ে রোববার সকালে ও বিকালে দুই দফায় নিয়মিত বৈঠক করেন। কমিশন সূত্র জানায়, বিকেলের বৈঠকে ২২ জানুয়ারির নির্বাচন বাতিল করার প্রজ্ঞাপন জারি করা হয়।
এছাড়া দুপুরে ভারপ্রাপ্ত সিইসি মাহফুজুর রহমান বঙ্গভবনের দিকে একবার রওনা দিয়েও মিনিট পাঁচেক পর আবার কমিশন কার্যালয়ে ফিরে আসেন। তিনি জানান, একটি ভুল তথ্যের কারণে এমনটি হয়েছিল।
কমিশন সচিব আব্দুর রশীদ সরকার নিয়মিত সাংবাদিকদের সঙ্গে কথা বললেও রোববার তিনি জানিয়ে দেন, এ দিন তিনি কারো সঙ্গেই কোনো কথা বলবেন না।
এদিকে আন্দোলনের মুখে অপর নির্বাচন কমিশনার স ম জাকারিয়া গত ২১ ডিসেম্বর থেকেই তিন মাসের ছুটিতে আছেন। কোনোভাবেই সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলছেন না। শুধু মাঝেমধ্যে তিনি সচিব আব্দুর রশীদ সরকারের সঙ্গে টেলিফোনে কথা বলে পরিস্থিতি সম্পর্কে হালনাগাদ তথ্য নেন বলে সূত্র জানায়।
এম এ আজিজ ২০০৫ সালে ২৩ মে সিইসি হিসেবে কমিশনে যোগ দিয়েছিলেন। তিনি ছুটি যান গত বছর ২২ নভেম্বর।
নির্বাচন কমিশনার হিসেবে মাহফুজুর রহমান ও স ম জাকারিয়া গত বছর ১৬ জানুয়ারি যোগ দেন। মাহমুদ হাসান মনসুর একই বছর ৩১ আগস্ট এবং মোদাব্বির হোসেন চৌধুরী ও মো. সাইফুল আলম ২৭ নভেম্বর কমিশনার হিসেবে শপথ নেন।
