দু’এক দিনের মধ্যেই নির্বাচন কমিশন পুনর্গঠন শুরু হবে: মইনুল
দু’একদিনের মধ্যেই নির্বাচন কমিশন পুনর্গঠনের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এরপর পুনর্গঠিত নির্বাচন কমিশনই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে ভোট অনুষ্ঠান করবে। আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন শনিবার রাতে বিবিসিকে বলেন, “আশা করছি দু’একদিনের মধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠনের ব্যাপারে অগ্রগতির খবর দিতে পারব। আগামী সপ্তাহের মধ্যেই নির্বাচন কমিশন পুনর্গঠন সম্পন্ন হতে পারে।”
তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজনের অতিরিক্ত একদিনও বেশি ক্ষমতায় থাকবে না জানিয়ে তিনি বলেন, “নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে শুক্রবার প্রধ্না উপদেষ্টার সঙ্গে আমার কথা হয়েছে। নির্বাচন কীভাবে যত দ্রুত করা যায় সে বিষয়টি গভীরভাবে ভাবছেন প্রধান উপদেষ্টা।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভোটার পরিচয়পত্র তৈরি ও স্বচ্ছ ব্যালট বাক্স কতদিনের মধ্যে যোগাড় হবে সে বিষয়ে আমাদের কোনো ধারণা নাই। তাই বলতে পারছি না কতদিন তাদের ক্ষমতায় থাকতে হবে।”
এর আগে নাম প্রকাশ না করার শর্তে সরকারের একাধিক উপদেষ্টা নফহবংি২৪.পড়স কে জানান, প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশন পুর্নগঠনের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছেন। তিনি এ বিষয়ে ইতিমধ্যেই তাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন।
উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে আরো জানা গেছে, প্রধান উপদেষ্টা দু’একদিনের মধ্যেই জাতির উদ্দেশে ভাষণ দিয়ে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য বর্তমান তত্ত্ববধায়ক সরকারের কর্ম--পরিকল্পনা জাতিকে অবহিত করবেন।
কমিশন পুনর্গঠনের অংশ হিসাবে ছুটিতে থাকা প্রধান নির্বাচন কমিশনারসহ ছয় নির্বাচন কমিশনারকে পদত্যাগের অনুরোধ জানানো হবে। একই সঙ্গে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে অন্যত্র বদলি এবং গত সরকারের সময় নিয়োগপ্রাপ্ত তিনশ নির্বাচনী কর্মকর্তা সম্পর্কেও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে নিয়ে উপদেষ্টারা এরইমধ্যে একাধিক বৈঠক করেছেন। নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার আগে রীতি অনুযায়ী রাজনৈতিক দল গুলোর সঙ্গে আলোচনায় বসবে নির্বাচন কমিশন। বর্তমান নির্বাচন কমিশনের সঙ্গে বেশিরভাগ দল আলোচনায় বসতে রাজি নয়। এ অবস্থায় নির্বাচন কমিশন পুনর্গঠনের কাজ দ্রুত সারতে চাচ্ছে সরকার।
