শিগগিরই নির্বাচনের আশা করছে বিএনপি
বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া নির্ধারিত সময়ে নির্বাচন না হওয়ার জন্য কয়েকটি রাজনৈতিক দলকে অভিযুক্ত করে বলেছেন, তাদের হঠকারী সিদ্ধান্তের জন্যই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
শনিবার বিকেলে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে এক আলোচনা সভায় তিনি বলেন, ‘‘আমরা মনে করি জরুরি অবস্থা একটি সাময়িক ব্যবস্থা। অচিরেই দেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে জনগনের রায় নিয়ে আমরা বিজয়ী হব।’’
বিএনপি মহাসচিব দলীয় নেতা-কর্মীদের জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলকে সংগঠিত করার আহবান জানান।
দলের প্রতিষ্ঠাতা জিয়ার ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে। চেয়ারপারসন খালেদা জিয়া দর্শক সারিতে বসে বক্তাদের বক্তব্য শোনেন। আলোচনা সভার পর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জরুরি অবস্থা জারির পর এই প্রথম বিএনপির নেতারা কোনো আলোচনা সভায় একত্রিত হয়ে বক্তব্য রাখলেন।
আবদুল মান্নান ভূঁইয়া প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “যারা জিয়ার শত্র“ তারা মনে করেছিল যে, জিয়া মরে গেলে বিএনপিও নিঃশেষ হয়ে যাবে। কিন্তু বাস্তবে তা হয়নি। বরং খালেদা জিয়ার নেতৃত্বে বর্তমানে বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলে পরিণত হয়েছে।”
তিনি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে জিয়াউর রহমানের কর্মকান্ডের কথা তুলে ধরে বলেন, আধুনিক বাংলাদেশের নির্মাতা ছিলেন জিয়া।
সাবেক আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, “গণতন্ত্র বিএনপির কাছে একটি আমানত। আমরা আশা করি, আর কালক্ষেপণ না করে তত্ত্বাবধায়ক সরকার সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন।”
“তত্ত্বাবধায়ক সরকারের কোনো মেয়াদ নেই’-এই ধারণা সংবিধান সম্মত নয় বলে তিনি মন্তব্য করেন।
বিএনপির সহসভাপতি তরিকুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনুপস্থিত মুক্তিযোদ্ধা ও জিয়াউর রহমানকে উপস্থিত মুক্তিযোদ্ধা হিসেবে অভিহিত করে বলেন,“ জিয়া গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন।”
বিচার বিভাগ পৃথক করতে সংসদে বিল দেওয়া ছাড়াও শতকরা ৮০ ভাগ কাজ বিএনপি আমলে হয়েছে বলে তিনি দাবি করেন।
আবদুল মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনাসভায় আরো বক্তব্য রাখেন, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আর এ গনি, অ্যাডভোকেট খন্দকার মাহবুবুউদ্দিন আহমাদ, মহানগর বিএনপির সভাপতি সাদেক হোসেন খোকা প্রমূখ।
আলোচনা সভায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে এম কে আনোয়ার, ড. মুশফিকুর রহমান, মে. জেনারেল(অব.) জেড এ খান, এনাম আহমেদ চৌধুরী, আবদুল আলীম, ড. ওসমান ফারুক, সেলিমা রহমান, বরকত উল্লাহ বুলু, আমান উল্লাহ আমান প্রমূখ উপস্থিত ছিলেন।
