সুষ্ঠু নির্বাচন আয়োজনে ফখরুদ্দীনকে খোলা চিঠি
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে হাইকোর্টের ৮ দফা নির্দেশনা বাস্তবায়ন, নির্বাচন কমিশনের আমূল সংস্কার ও ব্যালট পেপারে “না” ভোট প্রদানের ব্যবস্থা রাখার প্রস্তাব করেছে সিটিজেনস রাইটস মুভমেন্ট।
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের কাছে শনিবার পাঠানো এক খোলা চিঠিতে এসব প্রস্তাব করা হয়।
চিঠিতে আরও বলা হয়েছে, তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে যেনতেনভাবে একটি নির্বাচন না করে, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনে ছয়মাস সময় নিয়েই কাজ করা উচিত।
চিঠিতে স্বচ্ছ ব্যালট বাক্স, সেনাবাহিনীর সহযোগিতায় একটি সঠিক ভোটার তালিকা প্রণয়ন, ভোটার আইডি কার্ড সরবরাহ করে সেটাকেই জাতীয় পরিচয়পত্র হিসাবে চালু, ঋণ খেলাপি ও বিল খেলাপিদের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া এবং দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন করারও দাবি জানানো হয়।
