ছুটি বাতিল হলেও নির্বাচন কমিশন ফাঁকা
ঈদের আগে কমিশনের পক্ষ থেকে সব ধরনের ছুটি বাতিল করা হলেও শুক্রবার নির্বাচন কমিশন কার্যত বন্ধ ছিল। ছুটি বাতিলের নোটিসটি এখনও প্রত্যাহার না করলেও প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে নিুপদস্থ কর্মচারি কেউই অফিস করেননি। কমিশনের একজন কর্মকর্তা বলেন, “কোনো কাজ না থাকায় আমরা অফিসে যাইনি।’
১১ জানুয়ারি সারাদেশে জরুরি অবস্থা জারি করার পর থেকে কমিশন ২২ জানুয়ারির সমস্ত নির্বাচনী প্রক্রিয়া স্থগিত রেখেছে। এরই মধ্যে প্রধান উপদেষ্টা ২২ জানুয়ারির নির্বাচন বাতিল করার ফাইলে অনুমোদন দিয়েছেন। এখন ফাইলটি রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় আছে।
তবে কমিশনের একটি সূত্র বলছে, রাষ্ট্রপতির অনুমোদনের পর কমিশন প্রজ্ঞাপন দিয়ে আনুষ্ঠানিকভাবে ওই নির্বাচনটি বাতিল করলেও সহসাই দেশের প্রধান নির্বাচনী কার্যালয়ের স্থবিরতা কাটবে না।
এর আগে বৃহস্পতিবার কমিশনার মাহমুদ হাসান মনসুর সাংবাদিকদের বলেন, এ সময়ে কমিশনাররা শুধুমাত্র প্রশাসনিক বিষয়ে রুটিন বৈঠক করছেন। বৈঠকে নির্বাচন সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনা হচ্ছে না।
এদিকে সরকারি ছাপাখানা বিজি প্রেসে প্রায় সাড়ে ৪ লাখ ব্যালট পেপার ছাপা হওয়ার পর বাকি ব্যালট পেপার ছাপার কাজও এক সপ্তাহ ধরে বন্ধ। প্রেসটির পক্ষ থেকে এরই মধ্যে কমিশনকে চিঠি দিয়ে বলা হয়েছে, এসব ব্যালট পেপারের বান্ডিল সরিয়ে ফেলতে। কিন্তু কমিশন সচিবালয়েও স্থান সংকুলান না হওয়ায় কর্মকর্তারা এখন এ নিয়ে বিপাকে পড়েছেন।
এছাড়া নির্বাচন প্রক্রিয়া স্থগিত করার পর কমিশন সচিবালয়ের বিভিন্ন কক্ষের বাইরে ও বারান্দায় লাখ লাখ টাকার নির্বাচনী উপকরণ বাক্সবন্দী হয়ে পড়ে আছে।
একইভাবে এখানে -- সেখানে স্তুপ হয়ে আছে গেজেট ও পরিপত্র। এক সপ্তাহ আগে জেলা ও উপজেলায় এ সব উপকরণ পাঠানোর কথা ছিল।
