পুনর্গঠন প্রশ্নে নির্বাচন কমিশনাররা নিশ্চুপ
সুষ্ঠু নির্বাচনের প্রধান শর্ত হিসেবে উপদেষ্টারা নির্বাচন কমিশন পুনর্গঠনের ওপর বার বার জোর দিলেও কমিশনাররা এ বিষয়ে মুখ খুলছেন না।
অন্যদিকে ২২ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে কমিশন রোববার থেকে ‘আজকালের’ মধ্যেই প্রধান দুই রাজনৈতিক দলকে ডাকা হবে বললেও বৃহস্পতিবার পর্যন্ত এ ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি বলে জানা গেছে।
এদিকে ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর থেকে নবম জাতীয় সংসদ নির্বাচন কার্যক্রম স্থগিত রয়েছে।
ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমান বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় কমিশন সচিবালয় থেকে বেরিয়ে যাওয়ার আগে কমিশন পুনর্গঠনের প্রশ্নে সাংবাদিকদের বলেন, “কোনো খবর নেই; এ মুহূর্তে আমরা কিছু ভাবছি না।”
নির্বাচন কমিশনার মো. সাইফুল আলমের কথায়ও একই সুর শোনা গেছে। তিনি বললেন, “এ নিয়ে কমিশনে কোনো বৈঠক হয়নি, কোনো সিদ্ধান্ত হয়নি।”
অপর নির্বাচন কমিশনার মাহমুদ হাসান মনসুর বলেছেন, কমিশন পুনর্গঠনের বিষয়ে উপদেষ্টাদের বক্তব্য সম্পর্কে তিনি আনুষ্ঠানিকভাবে অবহিত নন। তবে দু’একটা পত্রিকায় তিনি খবরটা পড়েছেন। তিনি আরও বলেন, “তাই এক্ষেত্রে মন্তব্য করার কিছু নেই।”
কমিশনারদের স্বেচ্ছায় পদ ছেড়ে দেওয়া উচিত বলে উপদেষ্টাদের মন্তব্য করার কোনো অধিকার আছে কী -- এ প্রশ্নের কোনো জবাব দিতে চাননি হাসান মনসুর। উপদেষ্টারা আনুষ্ঠানিকভাবে পদ থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করলে কী করবেন -- এই প্রশ্নের জবাবেও তিনি নিরুত্তর ছিলেন।
তিনি শুধু বলেন, “কমিশনারদের পদটি সাংগঠনিক। এই সাংগঠনিক পদের যে পদ্ধতি, সেটা আপনিও যেমন জানেন, আমিও তেমন জানি।”
এই মুহূর্তে কমিশনের কাজ সম্পর্কে জানতে চাওয়া হলে হাসান মনসুর জানান, কমিশনাররা বেলা ১২টার দিকে অল্প সময়ের জন্য বসেছিলেন। এতে প্রশাসনিক বিষয়ে আলোচনা হলেও নির্বাচন সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনা হয়নি। এসবই নিয়মিত কাজ বলে তিনি জানান।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোকে চিঠি দেওয়ার কাজটি সচিব করবেন। আজকে (বৃহস্পতিবার) সচিব আমাদের এ প্রসঙ্গে জানাননি। কমিশনের বৈঠকেও চিঠি দেওয়ার বিষয়ে আলোচনা হয়নি।”
অপর নির্বাচন কমিশনার মোদাব্বির হোসেন চৌধুরী সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব না দিয়ে তড়িঘড়ি করে অফিস থেকে বেরিয়ে যান।
কমিশনের মুখপাত্র সচিব আবদুর রশীদ সরকার ‘কোনো অগ্রগতি নেই’ একথা বলে গত দু’দিন ধরে সাংবাদিকদের জানাচ্ছেন।
এদিকে সচিব ও অতিরিক্ত সচিব মোহাম্মদ জকরিয়ার অনিয়ম -- দুর্নীতির নানা খবর পত্র -- পত্রিকায় প্রকাশ হওয়ার পর এ নিয়ে বৃহস্পতিবার দিনভর কমিশনের কর্মকর্তা -- কর্মচারিরা সরব ছিলেন। এসব সংবাদের ফটোকপি গোপনে বিলি হতে দেখা গেছে।
