ব্যালট পেপার ছাপানোর কাজ শুরু
নির্বাচন কমিশন ব্যালট পেপার ছাপানোর কাজ শুরু করেছে শুক্রবার থেকে।
কমিশন ১৮ জানুয়ারির মধ্যে এই কাজ শেষ করতে তিনটি সরকারি ছাপাখানাকে দায়িত্ব দিয়েছে। ছাপাখানা তিনটি হলো, গভর্নমেন্ট প্রেস, বিজি প্রেস ও সিকিউরিটি প্রিন্টিং প্রেস।
শুক্রবার নির্বাচন কমিশন বৈঠক করে এ সিদ্ধান্ত নেয়। এতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমান, নির্বাচন কমিশনার মোদাব্বির হোসেন চৌধুরী, মো. সাইফুল আলম ও কমিশন সচিব আব্দুর রশীদ সরকার। বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বৈঠক চলে।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুর রশীদ সরকার জানান, নির্বাচনের সময় বাড়াতে উচ্চ আদালতে যাওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি। মহাজোটকে নির্বাচনে আনার জন্য কোনো উদ্যোগের বিষয়েও কোনো কথা হয়নি।
সচিব জানান, বর্তমানে ৩শ’ আসনের প্রতিটির জন্য এক হাজার পোস্টাল ব্যালট বরাদ্দ করা হয়েছে। তিনি ব্যালট পেপারের সংখ্যা সম্পর্কে নির্দিষ্ট তথ্য দেননি। তবে রিটার্নিং কর্মকর্তাদের চাহিদা অনুসারে ব্যালট বরাদ্দ দেওয়া হচ্ছে বলে তিনি জানান।
