হয়রানি ও বাধার মুখে ১৪ দলের নেতাকর্মীদের ঢাকা আগমন
১৪ দলের মহসমাবেশে যোগ দিতে গিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নানারকম বাধা ও হয়রানির শিকার হয়েছেন বিরোধী নেতা, কর্মী ও সমর্থকরা। স্থল ও নৌপথে সাধারণ যাত্রীদেরও ভোগান্তি পোহাতে হয়। আওয়ামী লীগ সূত্রে এ তথ্য পাওয়া যায়।
আওয়ামী লীগ সূত্র জানায়, রাজধানীর যাত্রাবাড়িতে একটি মিছিলে স্থানীয় কিছু যুবক বাধা দেয়। এ সময় মিছিলে উত্তেজনা ছড়িয়ে পড়লেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সাতক্ষীরা থেকে আগত আওয়ামী লীগের কয়েকজন নেতা অভিযোগ করেন, জেলার ৭ নম্বর ওয়ার্ডের একটি বিশাল মিছিলকে বাধা দেয় স্থানীয় বিএনপি সমর্থিত যুবকরা।
বিডিনিউজ২৪.কম এর মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, সকাল ১০টার দিকে ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার ভবেরচর ও মেঘনা সেতু পয়েন্টে এবং সদরের লঞ্চঘাটে ঢাকাগামী মিছিলকারীদের বাধা দেওয়া হয়। মাওয়া ফেরিঘাটে সরাসরি বাধা না দিলেও কৌশলে যানজট সৃষ্টি করে বিএনপি সমর্থিত যুবকরা ২৩ জেলার মানুষকে সমাবেশে যেতে বাধা দেয় বলে স্থানীয় আওয়ামী লীগ অভিযোগ করে।
জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল হোসেন অভিযোগ করেন, সকাল থেকেই শহরের লঞ্চঘাট ও কাঠপট্টি লঞ্চঘাটে পুলিশ মোতায়েন করা হয়। সমাবেশের জন্য ভাড়া করা লঞ্চ ঘাটে ভিড়তে দেয়নি পুলিশ।
