আসন্ন জাতীয় নির্বাচন শুধু বিএনপির জন্য নয় পুরো দেশ ও অঞ্চলের জন্যও গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শনিবার বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন শুধু বিএনপির জন্যই নয়, দেশের বর্তমান ও ভবিষ্যত এবং এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্যও গুরুত্বপূর্ণ।
নগরীর শেরেবাংলা নগরের প্রধানমন্ত্রী ভবনে ক্ষমতাসীন জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতীয় নির্বাহী কমিটির বৈঠকে উদ্বোধনী ভাষণ দেওয়ার সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার দলকে আবারো নির্বাচিত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
দীর্ঘ পাঁচ বছর পর অনুষ্ঠিত ক্ষমতাসীন বিএনপি এর কার্য নির্বাহী কমিটির এই বৈঠকে কড়া নিরাপত্তা ব্যাবস্থা নেওয়া হয়েছিল। বৈঠকে দলের স্টিয়ারিং কমিটির সকল সদস্য, সাংসদ ও সচিবরা অংশ নেন।
প্রধানমন্ত্রী তার দীর্ঘ ভাষণে বর্তমান মেয়াদ ও এর আগের মেয়াদে তার সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজেরর্ বর্ণনা দেন।
বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের ভারসাম্যমূলক নীতির কারণে দেশে বর্তমানে স্থিতিশীল অবস্থা বিরাজ করছে বলেও প্রধানমন্ত্রী খালেদা জিয়া দাবি করেন।
তিনি বলেন, সন্ত্রাস দমনের জন্য তার সরকার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গঠন করেছে এবং গুরুত্বপূর্ণ মামলাগুলো সুরাহার জন্য দ্রুত বিচার আইন পাশ করেছে।
দলীয় কর্মী-সমর্থকদের কথা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ক্ষমতার পাঁচ বছরে দলীয় কর্মীরা কোনো কিছু না পেলেও তারা স্বতঃস্ফূর্তভাবে দলের জন্য কাজ করেছে।
