২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দর থেকেই চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিলেন মেয়র

চট্টগ্রাম বন্দর থেকেই তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলের চুড়ান্ত আন্দোলন শুরুর ঘোষণা দিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2006, 05:40 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

তিনি জানালেন, বন্দর অচল করে দেওয়ার মতো কঠোর কর্মসূচির দিনক্ষণ ঠিক হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই।

চার দিনের লংমার্চ শেষে শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেয়র মহিউদ্দিন একথা বলেন। একইসঙ্গে তিনি ২৮ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীর চারটি জায়গা থেকে লংমার্চ কর্মসূচির ঘোষণা দেন। মেয়র বলেন, সেদিন নগরীর চার জায়গা থেকে মিছিল এসে অলঙ্কারের মোড়ে এসে জমায়েত হবে যেখানে সম্মিলিত বিরোধী দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে মেয়র বলেন,‘১৪ দলের চট্টগ্রাম অঞ্চলের পদযাত্রা কর্মসূচি সফল হয়েছে। সাতটা জেলার হাজার হাজার মানুষ আমাদের সমর্থন দিয়েছে।’ 

মেয়র মহিউদ্দিন অবশ্য এর আগে ঘোষিত ভূমি কর দেওয়া বন্ধ করে দেওয়া এবং চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার কঠোর কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছিলেন। 

১৪ দল নেতা মাঈনুদ্দিন খান বাদল বলেন, সারাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরকে অচল করে দিয়ে খালেদা জিয়া সরকারকে উৎখাত করতে হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, গণফোরাম নেতা এম. কফিল উদ্দিন, প্রফেসর সাবের আহমদ প্রমুখ।