বরিশালে কারিকর বিড়ি ফ্যাক্টরী বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ
বরিশালে কারিকর বিড়ি ফ্যাক্টরির বিক্ষুব্ধ শ্রমিকরা শনিবার থেকে উৎপাদন বন্ধ করে দিয়ে নগরীতে বিক্ষোভ মিছিল করে। শ্রমিক নেতাদের ওপর হামলার প্রতিবাদে কারখানার প্রায় ২৭ হাজার শ্রমিক উৎপানদন বন্ধ করে দেয়।
আন্দোলনরত শ্রমিকরা জানান, বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা করতে গেলে শুক্রবার রাতে মালিক পক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। এর বিচার না হওয়া পর্যন্ত তারা আর কাজে যোগ দেবেন না।
বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন দিলু বিডিনিউজকে জানান, শুক্রবার রাতে বিড়ি ফ্যাক্টরির মালিক পক্ষের সঙ্গে বেতন বৃদ্ধি নিয়ে আলোচনায় বসেন। এরই এক পর্যায়ে মালিক পক্ষের ভাড়াটে ক্যাডাররা শ্রমিক নেতারা মারপিট করেন।
শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিমু জানান, কারিগর বিড়ির সাধুর বটতলা, সাগরদী, কাশিপুর, বাঁশতলা এবং রহমতপুর শাখার প্রায় ২৭ হাজার শ্রমিক কাজ বন্ধ রেখেছেন। হামলার প্রতিকার না হলে তারা আর কাজে যোগ দেবেন না।
তবে মালিকপক্ষের প্রতিনিধি যদিবাবু বিডিনিউজকে জানান, শ্রমিক নেতাদের ওপর হামলার বিষয়টি সম্পর্কে তিনি আদৌ অবহিত নন। তিনি দাবি করেন, শ্রমিকরা কারখানার বিভিন্ন শাখায় স্বাভাবিক কাজকর্ম করছে।
