২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার সংস্কারের নামে আগামী নির্বাচন বানচাল করতে চায়: খালেদা জিয়া

প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার বলেছেন, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার সংস্কারের নামে আগামী নির্বাচনকে বানচাল করতে চায়। বর্তমান জোট সরকারের ব্যাপক উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে তারা দেশের বিরুদ্ধে তাদের বিদেশী প্রভূর কাছে নালিশ করে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2006, 09:18 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

তিনি বলেন, বিরোধীদলের মাথা সংস্কারের প্রয়োজন। কারণ তারা বুঝতে পেরেছে যে আগামী নির্বাচনে জিততে পারবে না, তাই এখন নানা অজুহাত দেখাচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার টি আলী ডিগ্রী কলেজ মাঠে মঙ্গলবার বিকেলে স্থানীয় বিএনপি অয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণে বিএনপি চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী খালেদা জিয়া একথা বলেন।

কসবা উপজেলা বিএনপি সভাপতি জহিরুল হকের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, ভূমি প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার, মিসেস সারোয়ারী রহমান এমপি, সাংসদ মুশফিকুর রহমান, সাংসদ অ্যাডভোকেট হারুন-আল-রশিদ, সাংসদ এস.এ খালেক, বিএনপি নেতা সৈয়দ মেরানুর রেজা, জাহিরুল হক, হাসান আহাম্মদ খান, অ্যাডভোকেট ফকরুদ্দিন, ওসমান হারুন শাহিন ও ছাত্রনেতা মেহেদী হাসান রুবেল।

প্রধানমন্ত্রী বলেন, সারা বাংলাদেশে উন্নয়ন হচ্ছে, এই উন্নয়নের জোয়ার দেখে ওই দলটি শংকিত। তারা বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দেখিয়ে জ্বালাও পোড়াও শুরু করে।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির অবস্থা বর্তমানে ভালো, শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে এটা শুধু আমিই বলি না, বিদেশীরাও বলে। বিগত সরকারের আমলে দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছিল। তারা ছাত্রদের নকল করে পাস করার সুযোগ দিয়ে দেশকে মেধা শূণ্য করে ফেলে। কিন্তু এখন নকলের মহোৎসব নেই। এখন মেধার প্রতিযোগিতা চলছে। আমরা বছরের শুরুতেই বই দিতে পারছি, কিন্তু আগের সরকার তা পারতো না। বর্তমানে মানুষের আয় এবং গড় আয়ু বৃদ্ধি পেয়েছে বলেও তিনি দাবি করেন।

খালেদা জিয়া বলেন, আমরা মানুষের স্বাস্থ্য উন্নয়নের উদ্দেশ্যে ইউনিয়ন পর্যায়ে চিকিৎসকের পদ সৃষ্টি করেছি। অচিরেই সাড়ে তিন হাজার চিকিৎসক নিয়োগ করা হবে।

কৃষি প্রধান দেশ হিসেবে কৃষিকে প্রাধান্য দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা বিগত বছরে ১৩শ’ কোটি টাকা ভর্তুকি দিয়েছি। দেশে উৎপাদন বৃদ্ধি পেয়েছে। কৃষকরা তাদের ধান, পাট, আখ ও সবজির দাম পাচ্ছে। আমরা ভিক্ষাবৃত্তি চাই না, আমরা মাথা উচুঁ করে দাড়াতে চাই।

কওমী মাদ্রাসার দাওয়া শ্রেণীকে মাস্টার্সের সমমর্যাদা ঘোষণাকে তিনি বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবেও উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে প্রচুর নতুন নতুন শিল্প কারখানা স্থাপিত হচ্ছে। গার্মেন্টস পণ্য, চা, মাছ, সবজি ও ঔষধ রপ্তানী করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছি।

তিনি বলেন, বর্তমানে গডফাদার ও সন্ত্রাসীদের রাজত্ব নেই। আর কখনো তাদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। তারা ‘টাকা কার্ড’ দেখানোর কথা বলেছিলো। কিন্তু আমি আশা করছি আগামী নির্বাচনে আপনারা তাদের লাল কার্ড দেখাবেন।

তিনি তার সরকারের উন্নয়নের ব্যাপক ফিরিস্তি দিয়ে আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী মুশফিকুর রহমানকে নির্বাচিত করে এলাকার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্যও আহ্বান জানান।

এর আগে প্রধানমন্ত্রী কসবায় ৭৬৮ লাইনের ডিজিটাল এক্সচেঞ্জ এবং কসবা টি আলী ডিগ্রী কলেজের নতুন একাডেমি ভবনের উদ্বোধন করেন।