সাবেক ছাত্রলীগ নেতা মমিন উল্লাহ পাটোয়ারীকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন আব্দুল জলিল
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি সোমবার এক বিবৃতিতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সমাজ সেবা সম্পাদক মমিন উল্লাহ পাটোয়ারীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, একটি মিথ্যা মামলায় মমিন উল্লাহ পাটোয়ারীকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তারের পর বর্তমানে একজন মন্ত্রীর নির্দেশে নতুন করে পুরনো একটি ডাকাতি মামলার অভিযোগ এনে রিমান্ডে নিয়ে তার উপর নির্যাতন ও নিপীড়ন চালানোর চেষ্টা চলছে।
তিনি বলেন, জোট সরকার ক্ষমতায় এসে একদিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতা--কর্মীদের উপর হামলা চালিয়ে খুন ও জখম করছে, আবার তাদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দায়ের করে নির্যাতন ও হয়রানি করছে। সাবেক ছাত্র নেতা মমিন উল্লাহ পাটোয়ারীর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের এরই ধারাবাহিকতা।
আব্দুল জলিল মমিন উল্লাহ পাটোয়ারীর বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবী জানান।
