২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগস্ট স্মরণে দুই মিনিটের জন্য থমকে গেলো বাংলাদেশ

২১ আগস্ট স্মরণে ঠিক ৫ টা ২২ মিনিটে দুই মিনিটের জন্য থমকে গেলো বাংলাদেশ। শত সহস্র নারী - পুরুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন দুবছর আগে এই দিনে এই সময়ে নগরীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে চালাানো গ্রেনেড হামলায় নিহত ২৪ জন দলীয় নেতাকর্মীকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2006, 07:02 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

রক্ষাক্ত ২১ আগস্ট স্মরণে ১৪ দলের  পক্ষে ওই দুমিনিট থমকে দাঁড়ানোর কর্মসূচি দেওয়া হয়। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজন করা হয় এক বিশাল স্মরণসভার। নীরবতার ক্ষণ নির্ধারণ করে মাইকে ভেসে আসা বাঁশীর শব্দ শুরু হতেই সভার মানুষ যে যার জায়গায় দাঁড়িয়ে পড়ে দুই মিনিট নীরবতা পালন করেন। তাদের মধ্যে অনেকই ওই নৃশংস ঘটনার প্রত্যক্ষদর্শী; বরাত জোরে বেঁচে গেছেন প্রাণে।

সভার সভাপতি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম ৫ টা ২৫ মিনিটে ওই থমকে দাঁড়ানোর কর্মসূচি পালন করায় দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ২১ আগস্টের লক্ষ্য ছিলো শেখ হাসিনাকে হত্যা করা; আওয়ামী লীগকে ধ্বংস করা। কিন্তু ঘাতকেরা জানে না যে তারা কত অসহায়। মানুষের ভালবাসার কাছে তারা ব্যর্থ হয়েছে।

বিকালে ওই স্মরণ সভায় যোগ দিতে দুপুর থেকেই নানা প্রান্ত থেকে কালো ব্যানার নিয়ে অসংখ্য মিছিল যাত্রা শুরু করে। সব মিছিলের গন্তব্যই  ছিল স্মরণসভা।

প্রায় সব ক’টি ব্যানারেই ‘২১ আগস্ট’ কথাটির ‘২১’ শব্দটিকে লালকালিতে লেখা হয়। সাদা কালিতে গ্রেনেড হামলায় আইভি রহমানসহ ২৪ জনকে হত্যার বিচার দাবি করা হয়। আবার কোনো কোনো ব্যানারে দাবি করা হয় সরকারের পদত্যাগ। একটি বড় আকারের সাদা প্লাস্টিকের ব্যানারে লেখা হয়, ‘বিএনপি - জামায়াত জোট সরকারের মেয়াদ আর মাত্র ৬৮ দিন।

পুরো নগরীর অনেক জায়গার পাশাপাশি বঙ্গবন্ধু এভিউয়ের আশাপাশের সমস্ত দেয়াল ছেয়ে ফেলা হয় ২১ আগস্টের নানান রঙিন ছবিতে।  পোস্টারের ছবিতে রক্তøান আর ছিন্নভিন্ন বীভৎস লাশের দৃশ্য সাধারণ মানুষকে মনে করিযে দিযেছে দুই বছর আগের সেই ভয়াবহ ঘটনার কথা। সভায় নিরাপত্তার দায়িত্ব পালন করতে আসা দাঙ্গা পুলিশ সদস্যদের একাংশকেও জিরো পয়েন্টের কাছে এ সব পোস্টার লক্ষ্য করতে দেখা যায়।