স্বল্পমূল্যে উচ্চমানসম্পন্ন ওষুধ নিশ্চিত করতে প্রযুক্তি স্থানান্তর ও পেটেন্ট আইন পরিমার্জন জরুরি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোববার উন্নয়নশীল দেশগুলোতে স্বল্পমূল্যে কিন্তু উচ্চমানসম্পন্ন ওষুধ নিশ্চিত করতে প্রযুক্তি স্থানান্তর ও পেটেন্ট আইন পরিমার্জনের উপর গুরুত্ব আরোপ করেছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, নতুন প্রযুক্তি ও কৌশল সংযোজন করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর পরষ্পরের মধ্যে সহযোগিতা প্রয়োজন। ওষুধের স্বল্পমূল্য ও সহজলভ্যতা নিশ্চিত করতে এটা সুনির্দ্দিষ্টভাবে প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
নগরীর হোটেল শেরাটনে দক্ষিণ-পশ্চিম এশীয় ২৪ তম স্বাস্থ্য মন্ত্রী পর্যায়ের বৈঠক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এর ৫৯ তম আঞ্চলিক কমিটির বৈঠকের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
খালেদা জিয়া বলেন, দারিদ্র্য ও ভগ্ন স্বাস্থ্য একে অপরের সঙ্গে জড়িত। আমরা দেখেছি দরিদ্র দেশগুলোর মানুষের স্বাস্থ্য লক্ষণীয় মাত্রায় খারাপ। দরিদ্র দেশের মানুষ অন্যান্য দেশগুলোর ন্যায় এখনও সমান স্বাস্থ্য সেবা পাচ্ছে না।
হু এর অন্তর্ভুক্ত দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ভুটান, পূর্ব তিমুর, ইন্দোনেশিয়া, ভারত, কোরিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও স্বাগতিক বাংলাদেশসহ ১১টি সদস্য রাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রীরা দুই দিনের ওই বৈঠকে যোগদান করেন।
এই অঞ্চলের সার্বিক স্বাস্থ্য সেবার উন্নয়ন তথা আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি ও রোগ-বালাই দূরীকরণের লক্ষ্যে দুই দিনব্যাপী এই বৈঠকের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী দক্ষিণ - পূর্ব এশীয় রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক আরো জোরদার করার আহবান জানিয়ে বলেছেন, স্বাস্থ্য খাতের জন্য যতটুকু সম্পদ আছে তার সর্বোত্তম ব্যবহারের পথ আমাদের অবশ্যই খুঁজে বের করতে হবে।
তিনি আরো বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল) অর্জনে বাংলাদেশ স্বাস্থ্যখাতে চমৎকার কৃতিত্ব দেখিয়েছে এবং অন্যান্য খাতের মতো এ খাতটিও আরো অগ্রসর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী হু এর সার্বিক সহায়তাকে স্বাগত জানিয়ে বলেন, যদিও বাংলাদেশ সরকার ও হু এর মাঝে চমৎকার বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রয়েছে কাজেই আমাদের আরও অনেক কিছু অর্জন করার রয়েছে বলে আমি বিশ্বাস করি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ড. খোন্দকার মোশাররফ হোসেন, হু এর দক্ষিণ - পশ্চিম এশীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. স্যামলে প্লিয়ানবাঙচাঙ, শ্রীলংকার স্বাস্থ্য সেবা ও পুষ্টি বিষয়ক মন্ত্রী নিমাল সিরিপালা ডি সিলভা এবং ভুটানের স্বাস্থ্য মন্ত্রী লিওনপো জিগমি সিংগাই।
ড. মোশাররফ হোসেন বলেন, মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে যে বৈষম্য রয়েছে সেদিকে আমাদের আরও মনোযোগী হতে হবে। তাছাড়া ছোঁয়াচে নয় এমন রোগ মোকাবিলায়ও আমাদের ঘনিষ্ঠভাবে কাজ করার প্রয়োজন রয়েছে। যা এই অঞ্চলের অনেক দেশেই বর্তমানে বৃদ্ধি পাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
স্বাস্থ্যমন্ত্রী পর্যায়ের বৈঠকের ধারাবাহিকতায় দক্ষিণ - পশ্চিম এশীয় অঞ্চলের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি শীর্ষক একটি ঘোষণা গৃহীত হবে, যা কিনা মন্ত্রীদের নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তাবায়নে কর্মশক্তিকে আরও জোরদার করতে সহায়ক হবে।
বৈঠকে দক্ষিণ - পশ্চিম এশীয় অঞ্চলে ম্যালেরিয়া নিয়ন্ত্রণের সংশোধিত কৌশল, এইডস মোকাবেলায় বৈশ্বিক তহবিল, ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধ, ভূমিকম্প ও সুনামি ক্ষতিগ্রস্ত দেশগুলোর পুনর্গঠন কাজ এবং সার্কভূক্ত দেশগুলোতে জনস্বাস্থ্য বিষয়ক কর্মকান্ড শক্তিশালীকরণসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সাধারণ বিষয় নিয়ে মন্ত্রীরা আলোচনা করবেন।
স্বাস্থ্যমন্ত্রী পর্যায়ের বৈঠকের পরপরই ২২ - ২৫ আগস্ট দক্ষিণ - পশ্চিম এশীয় অঞ্চলিক কমিটির ৫৯ তম অধিবেশন অনুষ্ঠিত হবে।
আঞ্চলিক কমিটির এই বৈঠকে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে পেটেন্ট নিরাপত্তা উৎসাহিতকরণ, দক্ষিণ - পশ্চিম এশীয় অঞ্চলে অ্যালকোহল জাতীয় দ্রব্যের বিস্তার রোধে নীতিমালা প্রণয়ন এবং আর্ন্তজাতিক বাণিজ্য ও স্বাস্থ্য নিয়ে আলোচনা করা হবে।
