২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্তমান নির্বাচন কমিশনের তৈরি ভোটার তালিকা আওয়ামী লীগ মানবে না: শেখ হাসিনা

বর্তমান নির্বাচন কমিশনের তৈরি ভোটার তালিকা আওয়ামী লীগ কখনোই মেনে নেবে না। রোববার সকালে ধানমন্ডির অফিসে হবিগঞ্জ এবং মৌলভীবাজারের তৃণমূল নেতাদের সাথে বৈঠকে আওয়ামী লীগ সভানেত্রী এবং সংসদের বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা একথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

B

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2006, 01:53 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

বৈঠকে তিনি ভোটারদের ছবি সংযুক্ত করে সঠিক ভোটার তালিকা তৈরি এবং স্বচ্ছ ব্যালট বাক্স প্রবর্তনের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি পুনর্ব্যক্ত করেন।

নির্বাচন কমিশনের তৈরি ভোটার তালিকা হালনাগাদের কাজ আজ রোববার শেষ হয়ে যাচ্ছে।

তৃণমূল পর্যায়ের নেতাদের বৈঠকে  শেখ হাসিনা বলেন, ভোটার তালিকা হালনাগাদের কাজ রোববার শেষ হয়ে গেলেও সারাদেশের অগণিত লোক এখনও ভোটার হতে পারেননি।

তিনি আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশনার ভোটার তালিকা তৈরির ব্যাপারে জালিয়াতির আশ্রয় নিয়েছেন।

শেখ হাসিনা অভিযোগ করেন, বর্তমান নির্বাচন কমিশনের উদ্দেশ্য ছিল নতুন ভোটার তালিকা থেকে আওয়ামী সমর্থকদের বাদ দেয়া এবং জাল ভোটার তালিকা তৈরি করা। শেখ হাসিনার মতে সিইসি’র লক্ষ্যই ছিল যেকোনো উপায়ে জোট সরকারকে  জেতানো।

জনগণকে উদ্দেশ্য করে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা বলেন,আসন্ন নির্বাচনে জেতার জন্য যদি বিএনপি-জামাত জোট টাকা দিলে অবশ্যই সে টাকা নেবেন কিন্তু তাদের ভোট  দেবেন না ।

তিনি বলেন, ক্ষমতাসীন বিএনপি সরকারের একটি চক্র দ্রব্যমূল্য বাড়িয়ে জনগনের কাছ   থেকে ২ লাখ ৮৬ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তিনি বলেন এ টাকা জনগণের টাকা বলে তারা এ টাকা নিতেই পারে।

নিষিদ্ধ ঘোষিত ইসলামী সংগঠন জামাতুল মুজাহিদীন আল ইসলাম ও হরকাতুল জিহাদের সাম্প্রতিক কার্যক্রমকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, ২০০৪ সালের ফেব্রুয়ারি মাসে সরকার সংগঠন দুটিকে নিষিদ্ধ ঘোষণা করলেও সম্প্রতি  রাজধানীতে  প্রকাশ্যে তারা সভা করেছে। শেখ হাসিনা প্রশ্ন করেন, তবে কি এ নিষিদ্ধ ঘোষণা  কি একটি নাটক ছিল?