২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়কর দুর্নীতি মামলা থেকে খালাস পেলেন এরশাদ

আয়কর দুর্নীতি মামলায় খালাস পেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2006, 05:32 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মালিক আবদুল্লাহ আল আমিন ১৯৯২ সালে রমনা থানায় দায়ের করা আয়কর সংশ্লিষ্ট দুর্নীতি মামলায় অভিযুক্ত সাবেক রাষ্ট্রপতি এরশাদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে সাবেক রাষ্ট্রপতি এরশাদ তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো তুলে নেওয়ার শর্ত আরোপ করেছিলেন। রায় ঘোষণার পর মুহূর্তেই আদালত প্রাঙ্গণে উপস্থিত অনেক আইনজীবীই মন্তব্য করেন যে এই রায়ের সাথে সাথেই চারদলীয় জোটে যোগ দেওয়া প্রশ্নে এরশাদের শর্ত পূরণ শুরু হলো।

রায়ের প্রতিক্রিয়ায় এরশাদ বলেন, “যথাসময়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমি খালাস পেয়েছি।”

মামলার বিবরণে জানা যায়, ক্ষমতায় থাকাকালে ১৯৮৪-৮৫ অর্থবছর থেকে ১৯৮৮-৮৯ অর্থবছর পর্যন্ত এরশাদ জাতীয় রাজস্ব বোর্ডকে ৭৪৩,৪১৬ টকা আয়কর দেন। কিন্তু ছয় বছর পরে তিনি যথাসময়ে কাগজপত্র দাখিল না করেই পরিশোধিত আয়করের এক তৃতীয়াংশ টাকা মওকুফ করিয়ে নিয়ে আসল টাকা থেকে ২৭৬,৩২৪ উত্তোলন করেন।

১৯৯২ সালের ২৭ জুলাই দূর্নীতি দমন ব্যুরো রমনা থানায় তিনজন আয়কর কর্মকর্তাসহ এরশাদকে অভিযুক্ত করে দুর্নীতি দমন আইনে মামলা করেছিলেন। মামলার তদন্তকারী কর্মকর্তা একই বছরের ১৯ ডিসেম্বর শুধুমাত্র এরশাদকে অভিযুক্ত করে এবং অভিযুক্ত তিন আয়কর কর্মকর্তাকে সাক্ষী বানিয়ে অভিযোগপত্র দেন। বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা আবদুল মান্নান একই সাথে এই মামলাটির বাদি ও তদন্তকর্মকর্তা।

১৯৯৪ সালের ২৬ জানুয়ারি আয়কর দুর্নীতি মামলায় এরশাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলার বিচারকালে মোট চার জনের মধ্যে তিন জনের সাক্ষ্য নেওয়া হয়। এদিকে বৃহস্পতিবার একই আদালতে এরশাদের বিরুদ্ধে জাহাজ ক্রয় সংক্রান্ত ও হরিপুর তেলক্ষেত্র সিমিটার কোম্পানীকে বরাদ্দ দেওয়ার পৃথক দুই দুর্নীতি মামলায় চার্জ শুনানি হলেও চার্জগঠনের আদেশ দেওয়া হয়নি।

বিচারক আগামী ২৪ আগস্ট দুই মামলাতেই চার্জ গঠনের জন্য আদেশের তারিখ ধার্য করেছেন।

জাহাজক্রয় সংক্রান্ত দূর্নীতি মামলায় বলা হয়েছে, এরশাদ ক্ষমতায় থাকাকালে শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম দিলকুশা বাণিজ্যিক এলাকার ভিনটেজ ইন্টারন্যাশনালের সহযোগিতায় অসৎ উদ্দেশ্যে পাকিস্তান থেকে দুইটি জাহাজ কিনে প্রকৃত তথ্য গোপন করে সরকারের ২৯ কোটি ৫৬ লাখ ৬৮ হাজার টাকার ক্ষতি করেন।

এরশাদ রাষ্ট্রপতি হিসেবে শহীদুল ইসলামকে দুর্নীতিতে সহযোগিতা করেছেন। এ মামলায় চার্জ শুনানীকালে বৃহস্পতিবার এরশাদ, শেখ শহীদুল, ভিনটেজ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মেজর জেনারেল (অব) এম আই করিম উপস্থিত ছিলেন।

এছাড়া আন্তর্জাতিক দরপত্র আহ্বান না করে হরিপুর তেলক্ষেত্র সিমিটার কোম্পানিকে বরাদ্দ দেয়ায় দুর্নীতি মামলায় দুই অভিযুক্ত এরশাদ এবং তৎকালীন জ্বালানী মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু উপস্থিত ছিলেন। এই মামলারও চার্জ গঠনের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ আগস্ট।

রায় ঘোষণার আগে থেকেই জাতীয় পার্টির শত শত নেতা কর্মীরা আদালত প্রাঙ্গনে ভিড় জমায়। এ সময় আদালতে প্রাঙ্গণে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। পুলিশের পাশাপাশি র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা আদালতের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অবস্থান নেয়। আদালতের ফটকে বসানো গোপন ক্যামেরার মাধ্যমে এসময় জনগণের আনাগোনা পর্যবেক্ষণ করা হয়।