২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামগঞ্জে বিএনপি ক্যাডারদের তাণ্ডব, আ. লীগের ৭ নেতাকর্মী জখম

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপি ক্যাডাররা স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে কাঞ্চনপুর ইউপি আওয়ামী লীগের সহসভাপতিসহ আওয়ামী লীগের সাতজন নেতাকর্মী গুরুতর জখম হয়েছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2006, 08:41 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

বুধবার স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে নেতারা এই হামলার কথা জানিয়ে অভিযোগ করেন, শোক দিবসের কর্মসূচি চলাকালে অন্তত ১০০ মোটর সাইকেলে ক্যাডাররা মহড়া দিয়ে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এ সময় তারা শোক দিবসের কর্মসূচিতেও বাধা দেয়। মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত এসব হামলা চালানো হয়।

হামলায় আহতদের স্থানীয় হাসপাতাল, ক্লিনিক ও চাটখিল হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, শোক দিবস উপলক্ষে কাঞ্চনপুর ইউপি আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত কাঙ্গালি ভোজের খাবার ফেলে দেয় বিএনপি ক্যাডাররা। এ সময় ক্যাডারদের কেউ কেউ সেই খাবারে প্রস্রাবও করে। এলাকাবাসী জানান, ক্যাডাররা গোটা এলাকার বহু পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলে। এ সময় কাঞ্চনপুর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগও করা হয়।

আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, বর্তমান জোট সরকার ক্ষমতায় আসার পর শতাধিক মামলায় আড়াই থেকে তিন হাজার নেতাকর্মীকে হয়রানি করেছে। স্থানীয় বিএনপি নেতারা আওয়ামী লীগের ৯০০ নেতাকর্মীর নাম তালিকাভুক্ত করে রেখেছে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জড়াতে। সম্মেলন শেষে আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ প্রসঙ্গে রামগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনকে জিজ্ঞাসা করা হলে তিনি হামলার কথা অস্বীকার করে বলেন, ১৫ আগস্ট তাদের নেত্রী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান ছিল। তার সমর্থকরা মোটর সাইকেলে করে সেই অনুষ্ঠান দেখতে বের হলে পুলিশের তালিকাভূক্ত আওয়ামী লীগ কর্মীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। সেসময় কেউ আহত হয়েছে কিনা তা তার জানা নেই। তবে আহত হয়ে থাকলে তিনি সেটা দেখবেন বলে উল্লেখ করেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আউয়াল বলেন, রামগঞ্জে আওয়ামী লীগ কর্মীদের ওপর কোন হামলার কথা তিনি জানেন না।