২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা হালনাগাদের সময়সীমা ২০ আগস্ট পর্যন্ত বর্ধিত

ভোটার তালিকা হালনাগাদের কাজের সময়সীমা বৃহস্পতিবার আরো ১০ দিন বাড়ানো হযেছে। কাজে ধীরগতির কারনে ২০ আগস্ট পর্যন্ত নতুন সময়সীমা নির্ধারণ করে নির্বাচন কমিশন (ইসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2006, 09:01 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

নির্বাচন কমিশনের এক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার বলেন, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিদ্যমান ভোটার তালিকার হালনাগাদ কাজ অবশ্যই নতুন সময়সীমার মধ্যে শেষ করতে হবে। কোন পরিস্থিতিতেই এই সময়সীমা পরবর্তীতে আর বৃদ্ধি করা হবে না বলে তিনি জানান।

সরকার বলেন, নির্বাচন কমিশন ২০ আগস্টের পর বিদ্যমান ও হালনাগাদকৃত তালিকার সমন্বয় করবে এবং ওই সমন্বিত তালিকা সকলের দেখার সুবিধার্তে ৩০ আগস্ট পর্যন্ত রেজিস্ট্রেশন কর্মকর্তা (আরও) ও সহকারী রেজিস্ট্রেশন কর্মকর্তা (এআরও), ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ও ওয়ার্ড কমিশনার কার্যালয় বা যে কোন গণসমাগম স্থানে উন্মুক্ত থাকবে।

তিনি আরো বলেন, যে সকল স্থানে নতুন সময়সীমা নির্ধারণের আগেই হালনাগাদের কাজ শেষ হয়েছে সেখানকার কর্মকর্তারা সমন্বিত তালিকা তৈরীর কাজ শুরু করবেন এবং তা চলতি মাসের শেষ দিন পর্যন্ত ঝোলানো থাকবে।

সুপ্রীম কোর্টের এক আদেশের প্রেক্ষিতে নির্বাচন কমিশন ১ জুলাই থেকে বিদ্যমান ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করে।

নির্দিষ্ট ২০ দিন সময়সীমার মধ্যে হালনাগাদ কাজ শেষ করতে ব্যার্থতার কারণ সম্পর্কে সরকার বলেন, ‘এই ব্যার্থতার পেছনে কিছু কারণ আছে। কিন্তু আমি তা প্রকাশ করতে চাই না।’

এই অপ্রকাশিত কারণ ছাড়াও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদাসীনতা এবং জটিল প্রক্রিয়াও হালনাগাদ কাজে ধীর গতির জন্য দায়ী বলে তিনি চিহিৃত করেন।

এছাড়া এক পর্যায়ে এই কাজের জন্য ইসি’র চাওয়া তহবিল দিতে অর্থ মন্ত্রণালয় অস্বীকৃতি জানালে পুরো কাজের সাফল্যই প্রশ্নের মুখে পড়ে বলে তিনি উল্লেখ করেন।

এত কিছু সত্তেও মাত্র ২০ দিনের মধ্যে এক কোটিরও বেশি মানুষকে হালনাগাদকৃত তালিকায় অর্ন্তভূক্ত করা হয়েছে, দাবি করে সরকার বলেন, কিছু কিছু স্থানে বৃহস্পতিবার বা শুক্রবারের মধ্যে এই কাজ শেষ হবে।

তার দাবি অনুযায়ী, চলমান হালনাগাদ কাজে বুধবার পর্যন্ত ঢাকা ছাড়া দেশব্যাপী ৮০ ভাগ ভোটারকে এর আওত্তায় আনা হয়েছে। রাজধানীতে এর পরিমাণ ৬০ ভাগ হবে বলেও তিনি জানান।

গণমাধ্যমসহ সকলকে নির্বাচন কমিশনের পদক্ষেপে সহায়তার আহ্বান জানিয়ে সরকার বলেন, ভোটার তালিকায় ভূয়া নাম বা দুইবার অর্ন্তভূক্তির মতো কোন অনিয়ম পাওয়া গেলে নির্বাচন কমিশন প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবে।