২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যানের মানহানি মামলায় সিপিডি’র ৫ ট্রাস্টি’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ’র (সিপিডি) পাঁচ ট্রাস্টি প্রফেসর রেহমান সোবহান, ড. দেবপ্রিয় ভট্টাচার্য, এম সাঈদুজ্জামান, মঞ্জুর এলাহি এবং লায়লা কবীরের বিরুদ্ধে আদালত বুধবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2006, 06:32 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

জ্বালানী উপদেষ্টা ও বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মাহমুদুর রহমান তাদের বিরুদ্ধে মানহানি মামলা করায় আদালত থেকে এই পরোয়ানা জারি করা হয়।

এদিকে আদালত সূত্র জানায়, মামলায় অভিযুক্ত সিপিডি’র কর্মকর্তারা সময় না থাকায় বুধবার হাইকোর্টে জামিন আবেদন করতে পারেননি। বিশিষ্ট আইনবিদ ড. কামাল হোসেন, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদসহ আরো কয়েকজন সিনিয়র আইনজীবী বৃহস্পতিবার তাদের পক্ষে জামিন আবেদন করবেন।

সিপিডি’র ধানমণ্ডি কার্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির কর্মকর্তারা মাহমুদুর রহমানকে ‘রাজাকার’ বলায় ক্ষুব্ধ হয়ে বুধবার ঢাকার সিপিএম আদালতে তিনি মানহানির মামলা দায়ের করেন।

মামলার আরজিতে তিনি বলেন, অভিযুক্তরা ৮ আগস্ট সকালে সাংবাদিকদের কাছে তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ, অসৌজন্যমূলক, বানোয়াট মন্তব্য ও বক্তব্য পরিবেশন করেন। যা পরের দিন ‘দ্য নিউজ টুডে’ পত্রিকায় ‘মাহমুদুর রহমান এ কোলেবোরেটর’ ও ‘দৈনিক ইনকিলাব’ এ ‘অনেকে বলেন উনি নাকি একাত্তরে রাজাকার ছিলেন’ শিরোনামে খবর আকারে প্রকাশিত হয়। যা দেশে ও বিদেশে তার ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।

বাদী তার জবানবন্দীতে বলেন, পাকিস্তান সরকারের অধীনে পরীক্ষা দিতে হবে বলে তিনি ১৯৭১ সনে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষাই দেননি। অথচ অভিযুক্তরা তাকে ‘রাজাকার’ বলেছে। শুনানির পর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোহাম্মদ মুজিবুল হক সিপিডি’র ওই পাঁচ ট্রাস্টির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

জানা গেছে, মাহমুদুর রহমান এজলাসে ঢোকার সময় ম্যাজিস্ট্রেট অন্য মামলার শুনানি নিচ্ছিলেন। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট হঠাৎ করে এজলাস ছেড়ে তার খাস কামরায় চলে যান এবং একটি ফোন কল রিসিভ করেন। পরে এজলাসে এসে তিনি মাহমুদুর রহমানের বক্তব্য শোনেন। 

মামলার পরবর্তী তারিখ আগামী ১৪ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।

এদিকে সিপিডি’র অন্যতম ট্রাস্টি ড. দেবপ্রিয় ভট্টাচার্য সাংবাদিকদের তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আমরা লোকমুখে ওই মামলা দায়েরের কথা শুনেছি। কিন্তু হাতে এখনো মামলার কাগজপত্র পাইনি, পেলে এ বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

বাদীর বিরুদ্ধে আপনারা পাল্টা মামলা করবেন কি না -- তা জানতে চাওয়া হলে তিনি বলেন,  আমরা পেশাদারী মনোভাব নিয়ে কাজ করি। এখনো পাল্টা মামলা করার কথা চিন্তা করিনি।

তিনি আরো বলেন, সংবাদ সম্মেলনে আমরা কি বলেছি না বলেছি, তার রেকর্ড আছে। সেখানে অন্যান্য প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।