দাতাদের পদক্ষেপ নিয়ে সন্দেহপ্রকাশ: মান্নান - জলিল বাকযুদ্ধ
নির্বাচনী ইস্যুতে আলোচনার জন্য সবগুলো প্রধান রাজনৈতিক দলকে এক মঞ্চে আনা সংক্রান্ত উন্নয়ন সহযোগিদের পদক্ষেপ বর্তমানে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।
এদিকে অভ্যন্তরীণ বিষয়ে দাতাদের কোন হস্তক্ষেপ সহ্য করা হবে না বলে মঙ্গলবার সরকার সতর্ক করে দিয়েছে।
উন্নয়ন সহযোগিরা সোমবার দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর উল্লেখযোগ্য সংখ্যক নেতাকে একত্রিত করে এবং বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচনে সহায়তার জন্য চারটি বিষয়ের ওপর ফোকাস করে একটি কর্মপরিকল্পনা উপস্থাপন করে।
এ প্রসঙ্গে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী এবং বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূইয়া মঙ্গলবার সাংবাদিকদের বলেন, উন্নয়ন সহযোগিরা নির্বাচন পর্যবেক্ষনের মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখলে আমাদের কোন অভিযোগ নেই।
কিন্তু অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুতে তাদের কোন কথা আমরা গ্রহণ করবো না উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের অপ্রয়োজনীয় অভিযোগের কারণেই ক’টনীতিকরা এ সুযোগটি লুফে নিয়েছে।
অপরদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেছেন, তার দল কারো কাছে কোন অভিযোগ করেনি। কিন্তু কিছু দাবি উত্থাপন করেছে যা কিনা দাতাদের মনোযোগ কেড়েছে।
দেশের ব্যবসায়ী সম্প্রদায়ও দুটি বড় রাজনৈতিক দলকে একত্রিত করার একটি উদ্যোগে নিয়েছিল, কিন্তু তা ব্যর্থ হয়। ফেডারেশন অফ চেম্বারস অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মীর নাসির হোসেন বিডিনিউজকে বলেন, বড় রাজনৈতিক দলগুলো যদি একসঙ্গে বসতো তবে বিদেশীদের এই কলাকৌশল কারও দেখার ্রপয়োজন হতো না।
তিনি বলেন, আমরা যদি আমাদের নিজেদের সমস্যার সমাধান করতে না পারি তাহলে বিদেশীরা এর সুযোগ তো নেবেই। নাসির জানান, দুটি বড় দলের নেতারা একসঙ্গে বসে রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটাবেন বলেই তাদের আশা ছিল।
প্রসঙ্গত, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচারের বাংলাদেশ সফরের এক সপ্তাহের মধ্যেই দাতা দেশগুলো এ উদ্যোগ নেয়।
