পিলারযুক্ত কর্ণফুলী সেতু নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে সুশীল সমাজ, ৫ আগস্ট চট্টগ্রামে সমাবেশ
মেয়াদের শেষ সময়ে এসে তাড়াহুড়ো করে কর্ণফুলী নদীতে পিলারযুক্ত সেতু নির্মাণে সরকারের সিদ্ধান্তকে রাজনৈতিক এবং দলীয় ব্যবসায়ীদের মাধ্যমে অর্থ লুটপাটের পাঁয়তারা বলে উল্লেখ করেছেন দেশের রাজনৈতিক ও সুশীল সমাজের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা।
তারা বলেছেন, চট্টগ্রাম বন্দর রক্ষায় ভবিষ্যতে কর্ণফুলী নদীর ওপর যদি কোন সেতু হয় তবে তা হবে ঝুলন্ত সেতু। এক্ষেত্রে সরকারের নির্বাচনী ফায়দা বা কমিশন আদায়ের মাধ্যমে অর্থ লুটপাটের অসৎ উদ্দেশ্য বরদাশ্ত করা হবে না। যে কোন উপায়ে এই ষড়যন্ত্র প্রতিহত করা হবে উল্লেখ করে তারা এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন।
বুধবার রাজধানীর স্থানীয় এক হোটেলে ঢাকাস্থ চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ আয়োজিত ‘কর্নফুলী নদীর উপর ঝুলন্ত সেতু নির্মাণ’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।
অনুষ্ঠানের সভাপতি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরী আগামী ৫ আগস্ট পিলারযুক্ত কর্ণফুলী সেতু নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রামের লালদীঘি ময়দানে এক সমাবেশেরও ডাক দেন।
মতবিনিময় সভায় মেয়র মহিউদ্দীনের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন সংবিধান প্রণেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার আমিরুল ইসলাম, বার কাউন্সিলের সহ-সভাপতি ব্যারিস্টার রোকনউদ্দীন মাহমুদ, সিপিবি সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, গণতন্ত্রী পার্টির নুরুল ইসলাম, রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য, ফজলে হোসেন বাদশা, ভোরের কাগজ এর সম্পাদক শ্যামল দত্ত, নারী নেত্রী শিরিন আখতার, পানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. নজরুল ইসলাম, পরিবেশবিদ অধ্যাপক ইদ্রিস আলী, আনোয়ারুল করিম, বেলার নির্বাহী পরিচালক রিজওয়ানা হাসান প্রমুখ।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন পরিষদের আহ্বায়ক মঈনুদ্দীন খান বাদল।
অনুষ্ঠানের শুরুতেই কর্ণফুলী নদীর ওপর ঝুলন্ত সেতু নির্মাণের বিভিন্ন দিক তুলে ধরে মেয়র মহিউদ্দীন চৌধুরীর একটি লিখিত বক্তব্য উপস্থাপন করা হয়।
বক্তব্যে বিশেষজ্ঞদের বরাত দিয়ে বলা হয়, কর্ণফুলী নদীতে পাকা পিলারের ওপর ব্রীজ নির্মাণ একটি আত্মঘাতি সিদ্ধান্ত। এ সেতু নির্মাণ হলে নদী নাব্যতা হারাবে, বন্দর অকেজো হয়ে পড়বে, পরিবেশ বিপর্যয় দেখা দেবে। এর ফলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বন্দরের গুরুত্ব হ্রাস পাবে। পিলারযুক্ত সেতু নির্মাণের জন্য বন্দর কর্তৃপক্ষের অনুমতিও নেওয়া হয়নি। যা ১৯৭৬ সালের চবক অধ্যাদেশ অনুযায়ী সম্পূর্ণ অবৈধ।
বিশেষজ্ঞরা বলেছেন, এ উদ্যোগ নেওয়া হলে কর্ণফুলী সেতু নেভিগেশন চ্যানেলের জন্য বিরাট হুমকি হয়ে দাঁড়াবে। এক পর্যায়ে নেভিগেশন চ্যানেলটি বন্ধও হয়ে যেতে পারে। এ অবস্থায় শুধু বন্দরই নয়, সেতুও ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে।
এবিএম মহিউদ্দিন চৌধুরী সরকারের এ উদ্যোগের কঠোর সমালোচনা করে বলেন, বারবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) থেকে আপত্তি জানানো হয়েছে। এ ব্যাপারে সংসদীয় কমিটিতেও জানানো হয়েছে। বুয়েটের পানি সম্পদ বিভাগের এক গবেষণায়ও ঝুলন্ত সেতু নির্মাণের পক্ষে জোরালো মত দিয়েছে। তারপরও সরকার কেনো এ আত্মঘাতি সিদ্ধান্ত নিয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
তিনি সরকারের এ সিদ্ধান্ত প্রতিহত করতে দেশের রাজনীতিকসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।
ড. কামাল হোসেন বলেন, শেষ সময়ে এসে সরকারের এ ভ্রান্ত নীতির কারণে জাতীয় স্বার্থ ও সম্পদ আজ আক্রান্ত। অশুভ চুক্তির মাধ্যমে অযৌক্তিকভাবে সরকার ব্যবসায়িক ও নির্বাচনী ফায়দা লোটার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে। যা পুরোপুরি সংবিধান পরিপন্থী।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল সরকারের শেষ সময়ে বিতর্কিত এ সিদ্ধান্ত পরিহার করে পরবর্তী সরকারের ওপর এর দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানান। তিনি সরকারের এ সিদ্ধান্তকে অসৎ ও অগণতান্ত্রিক বলে আখ্যা দেন।
তিনি বলেন, আর মাত্র ৮৫ দিন আপনাদের ক্ষমতার মেয়াদ রয়েছে। এ সময়ের জন্য ভিত্তিপ্রস্তর ও কমিশন খাওয়ার রাজনীতি বন্ধ করুন।
তোফায়েল আহমেদ বলেন, সরকার নিজ দলীয় ঠিকাদারদের স্বার্থ রক্ষার জন্য তাড়াহুড়ো করে ঝুলন্ত সেতুর পরিবর্তে পিলারযুক্ত সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে। যে কোনো কিছুর বিরুদ্ধে এটা বন্ধ করতে হবে।
ব্যারিস্টার আমিরুল ইসলাম বলেন, শেষ সময়ে এসেও সরকার স্বৈরাচারি ও স্বেচ্ছাচারি মনোভাবের ভিত্তিতে দুর্নীতিবাজ প্রশাসনকে দিয়ে বন্দর ধুলিস্যাৎ করার চেষ্টা করছে। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না।
হাসানুল হক ইনু বলেন, ‘মহাচোর সরকারের মহাচোর যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা’ তার নিজের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে দেশের জন্য আত্মঘাতি এ সিদ্ধান্ত নিয়েছে। এটা কিছুতেই বরদাশত করা যাবে না। ভোট রাজনীতি, কমিশন এবং জনগণকে বিভ্রান্ত করা ছাড়া এ সেতু আর কোনো কাজে আসবে না।
ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের প্রধান আয়ের উৎস্য এই চবক ধ্বংস করার উদ্যোগ কোনো অবস্থাতেই বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত সরকার এ সিদ্ধান্ত থেকে সরে আসবে না, ততক্ষণ পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।
