২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগে আন্ডারপাস, নীলক্ষেত ও চাঁনখারপুলে ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন

অবিলম্বে রাজধানীর শাহ্বাগে আন্ডারপাস এবং নীলক্ষেত ও চাঁনখারপুলে ফুট ওভারব্রিজ নির্মাণ এবং একাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়নের মাধ্যমে ক্লাশ ও পরীক্ষার ফলাফল নিয়মিতকরণসহ ১৩ দফা দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2006, 07:28 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে বৃহস্পতিবার দুপুর ২টায় ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দ এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাবি শাখার সাধারণ সম্পাদক সুরভী সাঈদ। উপস্থিত ছিলেন ঢাবি শাখার সভাপতি মানবেন্দ্র দেব, সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, কেন্দ্রীয় সভাপতি শামসুল আলম সজ্জন প্রমুখ।

এ ছাড়াও ১৬ বছর যাবৎ বন্ধ ডাকসুর অবিলম্বে নির্বাচন দেওয়া, কেন্দ্রীয় লাইব্রেরীসহ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিভাগীয় সেমিনারে পর্যাপ্ত বই ও আসন সংখ্যা নিশ্চিতকরণ, গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি, নতুন হল নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ভবন সংস্কারের মাধ্যমে আবাসন সমস্যার সমাধান, মেধার ভিত্তিতে হলে সিট বন্টন এবং অগণতান্ত্রিক প্রক্টরিয়াল ল বাতিলের দাবি জানিয়েছেন ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্যে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের গণরুমের প্রত্যেকটিতে ১৫-১৬ জন শিক্ষার্থীকে থাকতে হয়। ক্ষেত্রবিশেষে এ সংখ্যা ২০ - ২৫ জনও হয় যা ধারণ ক্ষমতা থেকে চার - পাঁচ গুণ বেশি। এ রকম অস্বাস্থ্যকর পরিবেশে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণ দু:সাধ্য হয়ে দাঁড়িয়েছে।