২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় শোক দিবস: আ. লীগের মাসব্যাপী কর্মসূচির শুরু

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচারের রায় কার্যকর করার দাবিতে পালিত হয়েছে আওয়ামী লীগ ঘোষিত শোকের মাস আগস্টের প্রথম দিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2006, 10:11 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

দলীয় এ কর্মসূচি পালনকালে মঙ্গলবার নেতাকর্মীরা বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় বাস্তবায়নের দাবিতে গণআন্দোলন গড়ে তোলার দৃপ্ত শপথ গ্রহণ করেন।

ধানমণ্ডির বঙ্গবন্ধু জাদুঘরের সামনে ১ আগস্টের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ‘আলোর মিছিল’ পালন করার মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা হয়। প্রতিবাদী মিছিল, শোক র‌্যালি, স্বেচ্ছায় রক্তদান, আলোচনা সভাসহ নানা আনুষ্ঠানিকতায় স্মরণ করা হয় ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের।

আগস্টের প্রথম সকালে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। এরপর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করে কৃষক লীগ।

এ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির আওতায় আয়োজিত সমাবেশে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাকে নব্য পাকিস্তান বানানোর পাঁয়তারা করছে বিএনপি-জামায়াত জোট সরকার। এই সরকারের মদদেই বঙ্গবন্ধুর খুনিরা আজ রাষ্ট্রীয় ক্ষমতায়।

সংগঠনের সভাপতি ড. মির্জা জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য জিল্লুুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল জলিল, বেগম মতিয়া চৌধুরী, এডভোকেট রহমত আলী, ড. আবদুর রাজ্জাক, মোতাহার হোসেন মোল্লা, এমএ করিম প্রমুখ বক্তৃতা করেন।

সমাবেশ শেষে সংগঠনের কেন্দ্রীয় নেতা হারুন-অর রশিদ হাওলাদারের রক্তদানের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নেন।

বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসীর রায় কার্যকরের দাবি জানিয়ে মঙ্গলবার সকালে জাতীয় শ্রমিক লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশ রিকশা মালিক লীগ, জাতীয় রিকশা ভ্যান শ্রমিক লীগসহ কয়েকটি সংগঠন শোক র‌্যালি ও সমাবেশের আয়োজন করবে। 

জেলা থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত একই ধরনের কর্মসূচি পালিত হবে।