২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ আগস্ট হরতালের সাথে ১৪ দলের সম্মতি, বুধবার নতুন কর্মসূচি আসছে

আওয়ামী লীগ আহুত আগামী ১৫ আগস্ট দেশব্যাপী অর্ধদিবস (সকাল ৬ টা থেকে বেলা ১২ টা) হরতাল কর্মসূচির সাথে ১৪ দল সম্মতি দিয়েছে। এ ছাড়া ২১ আগস্টের দেশব্যাপী কর্মসূচিতেও ১৪ দলের সবাই অংশ নেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2006, 06:17 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

সেইসঙ্গে বঙ্গবন্ধুর ৩১ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৪ আগষ্ট অনুষ্ঠেয় আওয়ামী লীগের আলোচনা সভায় ১৪ দল নেতৃবৃন্দ অংশ নেবেন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের এক সভায় মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরে বুধবার বিকেল পর্যন্ত এই সভা মুলতবি করে বলা হয়, ওইদিন বিকেল ৪ টায় বঙ্গবন্ধু এভিনিউতে অনুষ্ঠেয় সভা থেকে বিরোধী জোট আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে কর্মসূচি চূড়ান্ত করা হবে। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিলের ন্যাম ভিলেজের বাসভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক।

এতে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং আগামীতে সরকার বিরোধী সম্ভাব্য আন্দোলন কর্মসূচি ও জাতীয় শোক দিবসের কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

সভা সূত্র বিডিনিউজকে জানায়, দেশব্যাপী টানা ৬ দিনের পদযাত্রার পর এবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মহাসমাবেশ, পদযাত্রা, বিক্ষোভ ও অবরোধসহ আন্দোলনে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করার মতো মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচি আসছে। 

সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে আব্দুল জলিল সভায় গৃহীত সিদ্ধান্তের কথা  জানিয়ে বলেন, বুধবার বিকেলে অনুষ্ঠেয় ১৪ দলের মুলতবি সভা থেকে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা দাবি আদায়ের আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আছি। তাই পুরো রাজনৈতিক গতিধারা পর্যবেক্ষণে রেখে জনগণের বিজয় নিশ্চিত করার জন্য সুচিন্তিতভাবে কর্মসূচি নির্ধারণ করছি। আর এ কারণেই কর্মসূচি ঘোষণা করতে কিছুটা দেরী হচ্ছে। 

সভায় তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মইনউদ্দিন খান বাদল, সৈয়দ জাফর সাজ্জাদ, শরিফ নুরুল আম্বিয়া, নুরুল ইসলাম, দিলীপ বড়ুয়া, বিমল বিশ্বাস, পঙ্কজ ভট্টাচার্যসহ আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের শীর্ষ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।