এরশাদের জোটে আসার সিদ্ধান্তকে যুগান্তকারী বললেন নাজিউর
ক্ষমতাসীন চারদলীয় জোটের শরীক বাংলাদেশের জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান নাজিউর রহমান মঞ্জুর মঙ্গলবার দুপুরে আকষ্মিকভাবে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বনানীর কার্যালয়ে গিয়ে তার চারদলে যোগদানের সিদ্ধান্তকে ‘যুগান্তকারী’ বলে স্বাগত: জানিয়েছেন।
তবে এ ব্যাপারে জাপা চেয়ারম্যান এরশাদ কোনো মন্তব্য করতে রাজী হননি।
বৈঠকে কি আলোচনা হয়েছে, এ ব্যাপারে জানতে চাইলে এরশাদ বিডিনিউজকে বলেন, এ ব্যাপারে আমি কোনো কথা বলবো না।
সাক্ষাতকালে দুই নেতা প্রায় ৩০ মিনিট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় দুই দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এবং সাইফুর রহমানও উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে এরশাদের ব্যক্তিগত সহকারি মেজর (অব.) খালেদ বিডিনিউজকে জানান, এটা একটা সৌজন্য সাক্ষাত মাত্র। এতে নাজিউর রহমান মঞ্জুর জাপা চেয়ারম্যান এরশাদের এ সিদ্ধান্তকে ‘যুগান্তকারী সিদ্ধান্ত’ বলে অভিহিত করেন।
বৈঠকে মঞ্জুর চারদলীয় জোটে যোগ দেওয়ার সিদ্ধান্তের জন্য সাবেক রাষ্ট্রপতি ও জাপা চেয়ারম্যানকে স্বাগত জানান।
এরশাদ বিজেপি চেয়ারম্যানের এ সাক্ষাতে সন্তোষ প্রকাশ করেন এবং তাকে অভিনন্দন জানান।
বিজেপির মহাসচিব সাইফুর রহমান বিডিনিউজকে জানান, জাপার চারদলীয় জোটে যোগদান একটি রাজনৈতিক প্রক্রিয়া। তারা এ সিদ্ধান্তকে স্বাগত জানাতেই সাবেক রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করতে গিয়েছিলেন।তবে দুই জাতীয় পার্টির এক হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, আমরা আমাদের নিজ নিজ অবস্থানে থেকে চারদলীয় জোটে কাজ করবো। দ্ইু দলের এক হওয়ার কোনো সম্ভাবনা নেই।
