২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট দু:শাসন ও অশুভ শক্তির হাত থেকে জাতিকে মুক্ত করতে ঐক্যবদ্ধ হোন : শেখ হাসিনা

বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ‘গণবিচ্ছিন্ন দুর্নীতিবাজ জোট দু:শাসন’ এবং অশুভ শক্তির কবল থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2006, 02:12 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে মঙ্গলবার পুত্র সজীব ওয়াজেদ জয়কে স্বাগত জানাতে গিয়ে শেখ হাসিনা একথা বলেছেন। 

পঁচাত্তরের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যার ঘটনার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, নৃশংস ওই হত্যাকাণ্ডের মাধ্যমে বাঙালি জাতির বিজয়কে নস্যাত করা হয়েছে। এর পর থেকেই বাংলার অধিকার বঞ্চিত মানুষের ভাগ্য বিপর্যয় শুরু হয়। নির্মম ওই ঘটনা না ঘটলে বাংলাদেশ আজ মালয়েশিয়ার চেয়েও বেশি উন্নত হতে পারতো।  

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ৩৫ বছর পার হয়ে গেলেও খুনিদের ফাঁসির রায় আজও কার্যকর হয়নি। জাতি ওই নৃশংস হত্যাকাণ্ডের বিচার পায়নি। বরং এসময় দেশে খুন, দুর্নীতি ও লুটপাটতন্ত্র কায়েম হয়েছে। স্বাধীনতা ও মুক্তযুদ্ধের চেতনা ধ্বংসের ষড়যন্ত্র চলছে।  

দেশের সার্বিক পরিস্থিতির কথা তুলে ধরে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, দেশের বৃহত্তর জনগোষ্ঠী আজ বঞ্চিত, নির্যাতিত নিপীড়িত। দেশে আজ আইনের শাসন নেই। বিনা বিচারে মানুষ খুন করা হচ্ছে। সব ক্ষেত্রেই লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার।

তিনি বলেন, এই অবস্থার পরিবর্তন করতে হবে। অশুভ শক্তির হাত থেকে জাতিকে রক্ষা করতে হবে।  

এ সময় ছোট বোন শেখ রেহানা ছাড়াও আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম এমপি, কাজী জাফরুল্লাহ্ এমপি, সৈয়দ আবুল হোসেন এমপি, সাবেক সাংসদ আলহাজ্ব রহমত উল্লাহ্, আলহাজ্ব মকবুল হোসেন ও হাজী মোহাম্মদ সেলিম, ডা. দিপুমনি, যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক, সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফম বাহাউদ্দিন নাসিম, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের  কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।