২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার ইস্যুতে আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে: ১৪ দল

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের নেতারা আবারো বলেছেন, সংস্কার ইস্যুতে আলোচনার প্রস্তাব সরকারকেই দিতে হবে। এই উদ্যোগ নিতে হবে সরকারকেই। তারা জানান, বিরোধী দল এখন সরকারের ‘বিকল্প প্রস্তাবের’ অপেক্ষায় রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2006, 03:33 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

১৪ দলের লিয়াজোঁ কমিটির এক দীর্ঘ সভা শেষে সোমবার প্রেস ব্রিফিংয়ে  নেতারা এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি’র ন্যাম ভিলেজের বাসভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি।

এতে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং আগামীতে সরকার বিরোধী সম্ভাব্য আন্দোলন কর্মসূচি নিয়ে নেতারা আলোচনা করেন।

১৪ দল মঙ্গলবার বিকালে অনুষ্ঠেয় পরবর্তী সভায় আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে বলে জানা যায়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল জলিল বলেন, আমরা আলোচনার বিরোধী নই। আলোচনার জন্যই আমরা তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব দিয়েছি। কিন্তু এখন এটি বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের।

তিনি বলেন, তাই সংস্কারের ইস্যুতে সরকারকেই আলোচনার উদ্যোগ নিতে হবে।

তিনি অভিযোগ করে আরো বলেন, সংস্কারের প্রশ্নে প্রধানমন্ত্রী খালেদা জিয়া একদিকে আলোচনার কথা বলছেন। অন্যদিকে তিনি তত্ত্বাবধায়ক সরকারের বর্তমান বিধান অনুযায়ীই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিচ্ছেন। জাতিকে বিভ্রান্ত করতেই সরকার এই দ্বিমুখি বক্তব্য দিচ্ছে।

আব্দুল জলিল বলেন, আমরা দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চাই। এর অন্যতম প্রধান শর্ত হচ্ছে, একটি সঠিক ও নির্ভুল ভোটার তালিকা।

তিনি বলেন, কিন্তু নির্বাচন কমিশন ভোটার তালিকা নিয়ে নাটক করে চলেছে। জালিয়াতির ভোটার তালিকা তৈরীর মাধ্যমে তারা জোট সরকারের আজ্ঞাবহ ও তল্পিবাহক হিসেবে তাদের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে।  

১৪ দলের সমন্বয়ক বলেন, সরকার যতোই কালক্ষেপণ ও টালবাহানা করুক না কেনো তাতে লাভ হবে না। সংস্কার বাস্তবায়ন এবং আন্দোলনরত দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠন ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। 

সভা থেকে ২৫ জুলাই থেকে টানা ছয়দিন পদযাত্রা কর্মসূচি সর্বাতœকভাবে সফল করে ‘জোট সরকারকে আবারো অনাস্থা জ্ঞাপন করায়’ দেশবাসীর প্রতি অভিনন্দন জানানো হয়।

এতে তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত এমপি, কাজী জাফরুল্লাহ্ এমপি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মইনউদ্দিন খান বাদল, নুরুল ইসলাম, দিলীপ বড়ুয়াসহ আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের শীর্ষ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।