অবশেষে সাতক্ষীরা জেলা বিএনপি’র ৩ সদস্যের কমিটি ভেঙ্গে দেয়া হল
চাপা ক্ষোভ, উত্তেজনা ও ব্যাপক জল্পনা -- কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রোববার রাতে সাতক্ষীরা জেলা বিএনপি’র তিন সদস্যের কমিটি ভেঙ্গে দেয়া হয়েছে।
একই সাথে সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি তালা -- কলারোয়া আসনের সাংসদ হাবিবুল ইসলাম হাবিবকে আহ্বায়ক ও সাবেক জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা শামসুজ্জোহা বাবলুকে সদস্য সচিব করে ৬৫ সদস্যবিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
রোববার সন্ধ্যার পর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নতুন এ কমিটি ঘোষণা করা হয় বলে বিএনপি’র একাধিক সূত্র থেকে খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, জেলা বিএনপি’র নির্বাচিত কমিটিকে ভেঙ্গে গত ২০০৪ সালের ২৭ জুন হাবিবুল ইসলাম হাবিবকে সভাপতি, আব্দুল জলিলকে সহ সভাপতি ও জেলা বিএনপি’র প্রয়াত সভাপতি এম মুনসুর আলীর ছেলে রহমতুল্লাহ পলাশকে সম্পাদক করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটি গঠনের শুরু থেকেই সভাপতি ও সম্পাদকের মধ্যে প্রকাশ্য বিরোধ শুরু হয়। এমনকি দলীয় কর্মসূচিতে তাদেরকে একসঙ্গে দেখা যেত না। এ অবস্থায় বিএনপি’র নেতাকর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়ে।
অবশেষে দীর্ঘ তিন বছর পর পূর্ণাঙ্গ কমিটি বা সম্মেলন না করেই রোববার রাতে এ কমিটির নাম ঘোষণা করা হয়। তবে এ কমিটির ৬৫ সদস্যের মধ্যে বর্তমান সম্পাদকের কোন পদ মেলেনি বলে জানা গেছে।
