সংস্কারের ভিত্তিতে অবাধ নির্বাচনের দাবি জানিয়ে উৎসবমুখর পরিবেশে ১৪ দলের ৬ দিনের পদযাত্রা সমাপ্ত
গণগ্রেপ্তার ও ভয়ভীতি উপেক্ষা করে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে রোববার বিকেলে নগরীতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের পদযাত্রা কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
এর মধ্য দিয়ে বিরোধী দলের টানা ছয় দিনের পদযাত্রা কর্মসূচি সমাপ্ত হলো।
রাজধানীর গাবতলী ও শ্যামলীতে আয়োজিত বিশাল দু’টি সমাবেশের পর শুরু হওয়া শেষ দিনের এ পদযাত্রা মিরপুর রোড ধরে রাসেল স্কয়ারে এসে শেষ হয়।
পদযাত্রাপূর্ব সমাবেশে ১৪ দল নেতৃবৃন্দ সরকারের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এখনই আলোচনার মাধ্যমে সংস্কার বাস্তবায়ন করে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। নইলে আলোচনার সুযোগটুকুও আর পাবেন না। রাজপথেই সবকিছুর ফয়সালা হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করা হবে।
বিরোধী দল নির্বাচন বানচাল করতে চায় বলে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছিলেন, তার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, নির্বাচন বানচাল নয় -- দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্যেই আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি। এবং এই দাবিতে আন্দোলন করছি।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, প্রধানমন্ত্রী স্বয়ং নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। কারণ দেশের মানুষ এই ব্যর্থ, স্বৈরাচারি জোটকে প্রত্যাখ্যান করেছে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ তাদের বিতাড়িত হবে। এ কারণেই তারা ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে রাখতে চায়।
পদযাত্রা চলাকালে একদল বিক্ষুব্ধ জনতা শ্যামলীতে সিইসি এমএ আজিজের কুশপুত্তলিকা দাহ করে।
প্রধান নির্বাচন কমিশনারসহ অপর দুই কমিশনারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ১৪ দল মঙ্গলবার থেকে ঢাকাসহ সারা দেশে টানা ছয় দিনের এ পদযাত্রা কর্মসূচি পালন করে।
অন্যান্য দিনের মতো রোববারও হাজার হাজার নারী -- পুরুষ, বৃদ্ধ যুবা নির্বিশেষে ১৪ দলের সর্বস্তরের নেতা--কর্মী সমর্থক ঢাকার প্রায় পাঁচ কিলোমিটার পথ পায়ে হেঁটে অহিংস এ কর্মসূচিতে অংশ নেন।
ঢাকঢোল বাদ্য বাজনা বাজিয়ে, উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সরকার বিরোধী বিভিন্ন শ্লে¬াগান দিতে দিতে এগিয়ে যান তারা। মিছিলকারীরা সরকারবিরোধী বিভিন্ন শ্লোগান লেখা ব্যানার, পোস্টার, প্ল¬্যাকার্ড, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা এবং আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক বড় আকারের নৌকা বহন করেন।
পদযাত্রা কর্মসূচিকে সামনে রেখে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট রুট ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনি গড়ে তোলে।
বিরোধী দলের এই কর্মসূচি উপলক্ষে নিরাপত্তা বিধান ও শৃংখলা রক্ষায় মোতয়েন করা হয় পুলিশ, বিডিআর, র্যাব, এপিবিএন এবং গোয়েন্দা সংস্থাসহ বিপুল সংখ্যক আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
বিরোধী দলের কর্মসূচি চলাকালে জঙ্গি হামলাসহ নাশকতার ঘটনা ঘটতে পারে বলে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে পদযাত্রার বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা রক্ষায় কাজ করে এসব বাহিনী।
পদযাত্রা উপলক্ষে র্যাব সমাবেশস্থলগুলোতে ডগ স্কোয়াড নিয়ে ব্যাপক তল্ল¬াশি চালায়। প্রায় তিন ঘন্টাব্যাপী অনুষ্ঠিত সমাবেশ এবং পদযাত্রার সময় হেলিকপ্টারে করে নিরাপত্তা পরিস্থিতির ওপর নজর রাখেন আইনশৃঙ্খলা রক্ষাকারীরা। র্যাব ও সাদা পোশাকের পুলিশ বিভিন্ন ভবনের ছাদ, রাস্তা ও গোপন স্থান থেকে ভিডিও ও স্থির চিত্র গ্রহণ করে।
গাবতলীতে অনুষ্ঠিত সমাবেশ শেষে বিকেল ৫টায় বিরোধী দলের কয়েক হাজার নেতা--কর্মী পদযাত্রা শুরু করেন। ৬টায় রাসেল স্কয়ারে এসে মিছিল শেষ হয়।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পদযাত্রাপূর্ব এই সমাবেশে বক্তব্য রাখেন ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক এমপি, সুরঞ্জিত সেন গুপ্ত এমপি, মতিয়া চৌধুরী, হাসানুল হক ইনু, নুরুল ইসলাম, দিলীপ বড়–য়া, মইনউদ্দিন খান বাদল, বিমল বিশ্বাস, অ্যাডভোকেট এনামুল হক, মফিজুল ইসলাম খান কামাল, হারুন চৌধুরী, হাজী মোহাম্মদ সেলিম ও ইলিয়াস উদ্দিন মোল্লাসহ আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
এছাড়া আমিনবাজার ব্রিজ ও শ্যামলীতে অপর দু’টি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিকে পদযাত্রার কারণে পুলিশ সাভার থেকে মিরপুর রোড এবং সংশ্লিষ্ট বিভিন্ন গলিপথসহ বেশ কয়েকটি রুটে যানবাহন চলাচল বিকেল ৩টা থেকে বন্ধ করে দেয়। বিভিন্ন রাস্তায় বিকল্পভাবে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হলেও ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অসহনীয় দুর্ভোগের শিকার হন যাত্রীরা। হাজার হাজার মানুষকে পায়ে হেঁটে দীর্ঘ পথ পার হতে হয়।
