লক্ষ্মীপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে তৈরি ৫টি তোরণ ছিনতাই
লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে তৈরি পাঁচটি তোরণ শুক্রবার রাতে কে বা কারা ভেঙ্গে নিয়ে গেছে।
সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক দেওয়ান সফিউল আরেফিন টুটুলের আগমন উপলক্ষে উপজেলার ইটের পুল, মোয়াসাগর দিঘী, করইতলা ও দালাল বাজার এলাকায় ওই তোরণগুলো নির্মাণ করা হয়েছিলো।
আওয়ামী লীগের অভিযোগ বিএনপি ক্যাডাররা তোরণগুলো ভেঙ্গে নিয়ে গেছে। তবে এ অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য কাউকে পাওয়া যায়নি।
পরে বিকেলে কাজীর দিঘীর পাড় ময়দানে অনুষ্ঠিত এক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি এম আলাউদ্দিন।
কে এম ইউছুফের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সাংসদ আলহাজ্ব হারুনার রশিদ, সহ-সভাপতি আ.ন.ম ফজলুল করিম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহিম, যুগ্ম সম্পাদক সৈয়দ মোজাম্মেল হক মিলন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন এবং সাবেক অতিরিক্ত সচিব শামছুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, প্রধান নির্বাচন কমিশনারসহ আপর দুই কমিশনার এবং তত্বাবধায়ক সরকার সংস্কার ছাড়া আওয়ামী লীগসহ ১৪ দল নির্বাচনে অংশ নেবে না।
