২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমি রাষ্ট্রপতি হতে চাই না: খালেদা জিয়া

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বুধবার বলেছেন, আমি রাষ্ট্রপতি হতে চাই না। সংসদের বাজেট আলোচনায় অংশ নিয়ে খালেদা জিয়া বলেন, আমি রাষ্ট্রপতি হতে চাই না। এ ধরনের চিন্তাও করিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2006, 08:30 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

তিনি বলেন, রাষ্ট্রপতিকে নিয়ে বিতর্ক বুদ্ধিমত্তার কোনো কাজ নয়। রাষ্ট্রপতি সুস্থ না হওয়া পর্যন্ত স্পিকার তার দায়িত্ব পালন করবেন।

এর আগে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বাজেট আলোচনায় বলেন, রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদকে অসুস্থ বানিয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হতে চান।

প্রধানমন্ত্রী পরে কৌতুক করে বলেন, বিরোধী দলীয় নেতা তি তাকে (খালেদা জিয়া) রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দিচ্ছেন?

খালেদা জিয়া আরও বলেন, তিনি (শেখ হাসিনা) তার দলের প্রতি আস্থা হারিয়েছেন এবং জানেন যে বিএনপি আবারো নির্বাচিত হতে যাচ্ছে। সে কারণে তিনি আমাদের দলে যোগ দিয়ে প্রধানমন্ত্রী হতে চান।

প্রধানমন্ত্রী বিকেল ৫টা ১৩ মিনিটে তার বক্তব্য শুরু করে সোয়া ৬টায় শেষ করেন। বক্তব্যের সময় সরকারি দলের সাংসদরা টেবিল চাপড়ে তার সমর্থন জানান।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে গত সাড়ে চারবছরে তার সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরেন। তিনি অর্থনীতি, বিদেশী বিনিয়োগ, রেমিটেন্স, জাতীয় বিনিয়োগ, মানব সম্পদ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

বিরোধী দলের সংস্কার প্রস্তাব নিয়ে বিরোধী দল ও সরকারি দলের সংলাপের ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, আলোচনার দরজা এখনো খোলা রয়েছে। আলোচনার সুযোগ নষ্ট করবেন না। এটা সংসদ এবং আলোচনার দরজা এখনো খোলা। আসুন এবং আলোচনায় বসুন।

তিনি বলেন, বিরোধী দল সংলাপ চায় না। তারা কোনো সমস্যার সুষ্ঠু সমাধান চায় না। তারা ব্বং আরো সমস্যা সৃষ্টি করতে চায়। তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায়। তারা চায় তাদের নির্দেশনা অনুযায়ী নির্বাচন হোক।

তিনি আরো বলেন, তার দলের প্রতি জনগণের আস্থা রয়েছে।

বেগম জিয়া বলেন, তিনি ভুয়া ভোটার নয় নতুন ভোটার তালিকা চান।

তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনকে একটি নতুন ভোটার তালিকা প্রণয়ন করার অনুরোধ করেছিলাম। আমরা সময়োপযোগী একটি ভোটার তালিকা চাই।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার কয়েক মাসের মধ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।

তিনি আরো বলেন, কোনো সন্ত্রাসী গডফাদাররা নৈারজ্য সৃষ্টির মাধ্যমে জনগণের অধিকার যাতে কেড়ে নিতে না পারে তত্ত্ববধায়ক সরকারকে তা নিশ্চিত করতে হবে।

সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে শেখ হাসিনার এমন অভিযোগ খণ্ডন করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে কারচুপি করার দিন চলে গেছে। নির্বাচন কমিশন ইঞ্জিনিয়ারিং এর কোনো ম্যাকানিজম করতে পারে না।

শেখ হাসিনার সমালোচনা করে খালেদা জিয়া বলেন, তার (হাসিনা) কুৎসিত মস্তব্যের জবাব দেওয়ার রুচি আমার নেই। আমি এ কারণে দেশবাসীকে বিচার করার আহ্বান জানাচ্ছি।

বেগম জিয়া বলেন, বিরোধী দল বাজেটের ওপর কোনো ইতিবাচক সমালোচনা করেনি।