ভূমি জরিপে অনিয়মের অভিযোগ তদন্ত করে রিপোর্ট দিতে ভূমি মন্ত্রণালয়কে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি দেশের বিভিন্ন স্থানে ভূমি জরিপে হয়রানি, অবৈধ অর্থ আদায় এবং দুর্নীতির অভিযোগ সম্পর্কে সুপারিশসহ প্রতিবেদন দেওয়ার জন্যে ভূমি সচিবকে তাগিদ দিয়েছে।
বৃহস্পতিবার সংসদ ভবনে কমিটির নিয়মিত বৈঠকে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শেষে মন্ত্রণালয়ের সচিবকে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
কমিটির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এনামুল হক, নূরুল হুদা, আব্দুল করিম আব্বাসী, প্রমোদ মানকিন, মোহাম্মদ আলী কদর ও গোলাম হাবিব দুলাল অংশ নেন। এছাড়াও মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র জানায়, দেশের বিভিন্ন চর ও বালু মহালের ইজারা নিয়ে অনিয়মের বিষয়ে আলোচনা হয়েছে। এতে কোনো চর এলাকায় বালু মহাল সৃষ্টি বা এর ইজারা না দিতে মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়।
সূত্র জানায়, ভাষানটেক বস্তির জমিতে বস্তিবাসীদের জন্যে ফ্ল্যাট নির্মাণ ও বিক্রির নামে সংবাদপত্রে বিজ্ঞাপণ দিয়ে অর্থ আদায়ের বিষয়টি কমিটিতে আলোচনা হয়।
এতে এ ধরণের বিজ্ঞাপণ দিয়ে অর্থ আদায়কে অবৈধ হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যে ভূমি মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়।
