২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কারের প্রশ্নে বিএনপির চিঠি প্রত্যাখ্যান, ১৪ দল প্রস্তাবিত কমিটির সঙ্গে সংলাপে যাবে না

তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার ইস্যুতে ১৪ দল বিএনপির দেওয়া চিঠি আনুষ্ঠানিকভাবে প্রত্যখ্যান করেছে। ওই চিঠিতে সংস্কারের প্রশ্নে আলোচনার জন্য জামায়াতসহ চার দলীয় জোটের সকল শরীকের প্রতিনিধিত্ব রেখে বিএনপি একটি কমিটি গঠনের প্রস্তাব করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2006, 02:06 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

কিন্তু তারা ওই প্রস্তাবিত পাঁচ সদস্যের কমিটির সঙ্গে কোনো বৈঠকে বসবে না। ফলে গুরুত্বপূর্ণ এই ইস্যুতে সরকার ও বিরোধী দলের মধ্যে সম্ভাব্য সংলাপের সম্ভাবনা কার্যত ভেস্তে গেল।

১৪ দলের এক বৈঠক শেষে শনিবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি প্রেস ব্রিফিংয়ে বলেন, জনগণের দাবি উপেক্ষা করে ‘জঙ্গিবাদের মদদদানকারী স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধী’ জামায়াতের প্রতিনিধিকে প্রস্তাবিত কমিটিতে রেখে সরকার দেশবাসীর সঙ্গে তামাশা করেছে।

তিনি বলেন, তাদের সঙ্গে আলোচনায় বসার প্রশ্নই ওঠে না। কারণ জঙ্গিবাদী, যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসা, আর বাংলা ভাই বা শায়খ আব্দুর রহমানের সঙ্গে বসা -- একই কথা।

আব্দুল জলিলের গুলশানের বাসভবনে অনুষ্ঠিত ওই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, এ ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়ে ১৪ দল শিগগিরই বিএনপিকে চিঠি পাঠাবে।

আব্দুল জলিলের কাছে শনিবার স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মান্নান ভূঁইয়ার দেওয়া চতুর্থ চিঠিতে যে পাঁচজন প্রতিনিধির নাম দেওয়া হয়েছে, তারা হচ্ছেন: স্বাস্থ্য মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চিফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, ইসলামী ঐক্য জোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী এমপি এবং বিজেপির একাংশের মহাসচিব সাইফুর রহমান।