কুমিল্লায় কলেজ ছাত্র হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ, ভাংচুর
কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রদল নেতা কাইয়ুম হত্যার প্রতিবাদে স্থানীয় ছাত্রদল কর্মীরা সোমবার সন্ধ্যায় ঢাকা - চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এ সময় বিক্ষুব্ধ কর্মীরা বেশ কয়েকটি বাসও ভাংচুর করে।
ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজারে ছাত্রদলের অবরোধের কারণে চাঁদপুর, নোয়াখালী অঞ্চলের কয়েকশ’ যানবাহন আটকা পড়ে আছে।
সূত্র জানায়, ভিক্টোরিয়া কলেজের প্রথম বর্ষের ছাত্র এবং পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কাইয়ুমকে (২২) গত ৪ এপ্রিল কতিপয় সন্ত্রাসী অপহরণ করে নিয়ে বেদম মারধর করে কোতয়ালী থানায় পাঠিয়ে দেয়। থানা থেকে একটি মিথ্যা মামলা দিয়ে কাইয়ুমকে জেলহাজতে প্রেরণ করলে সেখানে সে অসুস্থ হয়ে পড়ে। আশংকাজনক অবস্থায় রোববার তাকে ঢাকায় পাঠানোর পর তার মৃত্যু হয়।
এখবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা রাস্তায় বেরিয়ে এসে ঢাকা - চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এসময় তারা বেশ কয়েকটি বাস ভাংচুর করে।
রাত সাড়ে ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা - চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের অবরোধ অব্যাহত রয়েছে।
