থাইল্যান্ডের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ১,৩৭০ দশমিক ৯৫ মিলিয়ন ডলার
থাইল্যান্ডের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ ১ হাজার ৩৭০ দশমিক ৯৫ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া চলতি অর্থবছরের সেপ্টেম্বর’০৫ পর্যন্ত ভারতের সাথে বাণিজ্য ঘাটতির পরিমাণ ৩৭৩ দশমিক ১৪ মিলিয়ন মার্কিন ডলার।
জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মঙ্গলবার পৃথক দু’টি প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এ তথ্য জানান।
এমএএইচ সেলিমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাণিজ্য ঘাটতি দূর করতে বাংলাদেশ এবং থাইল্যান্ডের মধ্যে ট্রেড অ্যারেঞ্জমেন্ট প্রবর্তন ও থাইল্যান্ডে ১০টি বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশ সুবিধা পেয়েছে।
শাহ মোহাম্মাদ সোলায়মানের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিগত অর্থবছরে ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিলো ১ হাজার ৮৮৫ দশমিক ৮১ মিলিয়ন মার্কিন ডলার।
আব্দুস সোবাহানের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকায় আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র স্থাপনের কোনো সম্ভাবনা নেই। তবে জাতীয় রপ্তানি হাউজ ও স্থায়ী মেলা কমপ্লেক্স নির্মাণ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।
একই সদস্যের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিশ্বের ১৭টি দেশের ১৯টি বাণিজ্য মিশনের মাধ্যমে চলতি অর্থবছরের নভেম্বর’০৫ পর্যন্ত ৩ হাজার ২৯৩ দশমিক ৯১ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে। এটি লক্ষ্যমাত্রার তুলনায় ২৬ দশমিক ৯৮ মিলিয়ন মার্কিন ডলার বেশী।
