২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাজমুল হুদা’র নেতৃত্বাধীন বিজেএএফ’র বর্ধিত সভা ১৮ ফেব্রুয়ারি

যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা’র নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (বিজেএএফ) আগামী ১৮ ফেব্রুয়ারি ফোরামের প্রধান উপদেষ্টা ও মহাসচিব নির্বাচিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন প্রাঙ্গণে বর্ধিত সভা করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2006, 08:38 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

বিজেএএফ’র সাথে ঘনিষ্ঠ একটি সূত্র বিডিনিউজকে সোমবার জানায়, বর্ধিত সভায় ক্ষমতাসীন বিএনপি’র জাতীয় নেতৃবৃন্দ, বিজেএএফ’র বিভিন্ন জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ অংশ নেবেন। সাংগঠনিক তৎপরতা শক্তিশালী করতে বিজেএএফ কর্মপরিকল্পনা সভায় গ্রহণ করা হবে।

ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন বিজেএএফ ১৯ জানুয়ারি যোগযোগমন্ত্রীকে সভাপতি করে ৩০১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করে। এতে যোগাযোগমন্ত্রীর বিরোধী পক্ষের নেতা টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হককে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।

কমিটিতে বিজেএএফ এর হুদা-বিরোধী অংশের সভাপতি টিএইচ খানকে প্রধান উপদেষ্টা এবং অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দিন আহমেদ এমপিকে উপদেষ্টা করা হয়।

অ্যাডভোকেট টি এইচ খান ও ব্যারিস্টার আমিনুল হক নবগঠিত কমিটিকে স্বীকৃতি না দেয়ায় কমিটি গঠনের ২৪ ঘন্টার মধ্যেই অর্থ্যাৎ পরের দিন ২০ জানুয়ারি বিষ্ময়করভাবে বিজেএএফ সভাপতির পদ থেকে ব্যারিস্টার হুদা পদত্যাগ করেন।

২৪ জানুয়ারি ব্যারিস্টার হুদা তার পদত্যাগপত্র প্রত্যাহার করে নেন।

অ্যাডভোকেট খান ও ব্যারিস্টার হকের নিয়ন্ত্রণাধীন বিজেএএফ অংশটিও বসে নেই। তারাও বিভিন্ন কর্মসূচির আয়োজন করে যাচ্ছে।