হযরত মুহম্মদ (সাঃ) এর কার্টুন প্রকাশের প্রতিবাদে সংসদে সর্বসম্মতক্রমে নিন্দা প্রস্তাব পাশ
ডেনমার্ক ও ইউরোপের কয়েকটি পত্রিকায় বিশ্বনবী হযরত মুহম্মদ (সাঃ)- কে নিয়ে কার্টুন ও ব্যঙ্গ চিত্র প্রকাশের ঘটনায় রোবববার জাতীয় সংসদে সর্বসম্মতভাবে একটি নিন্দা প্রস্তাব পাশ হয়েছে।
প্রস্তাবে বলা হয়, সমগ্র বিশ্বের মুসলমানরা এ ঘটনায় আহত হয়েছে। সংসদ এ ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং ওই সব দেশের সরকার পত্রিকাগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে আশাপ্রকাশ করা হয়।
নিন্দা প্রস্তাবটি ১৪৭ বিধিতে আলোচনার জন্যে সংসদে উপস্থাপন করেন, আলহাজ নুরুল ইসলাম মনি।
প্রস্তাবে তিনি বলেন, মহানবী (সাঃ) এর উপর কার্টুন ও ব্যঙ্গ চিত্র প্রকাশ করা ধৃষ্টতাপূর্ণ, দায়িত্বজ্ঞানহীন ও বিদ্বেষপ্রসূত কাজ। বিশ্বের দেড়শ কোটি মুসলমান এতে ক্ষতবিক্ষত হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানদের মনোকষ্টের কারণ হয়েছে।
প্রস্তাবের উপর আলোচনায় অংশগ্রহণ করেন সরদার সাখাওয়াত হোসেন বুকুল, আওয়ামী লীগের মোহাম্মদ নাসিম, খ.ম. জাহাঙ্গীর হোসেন, জহিরউদ্দিন স্বপন, শাজাহান খান, ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহান, কর্নেল (অবঃ) ফারুক খান, দেলোয়ার হোসেন সাঈদী এবং উপধ্যক্ষ আব্দুস শহীদ প্রমুখ।
