১৪ দলীয়ভাবে নির্বাচন করবো, যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষেই কাজ করতে হবে
সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ১৪ দলীয়ভাবে নির্বাচন করবো। দলের মনোনয়ন যাকেই দেওয়া হবে তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শেখ হাসিনা সোমবার তার ধানমন্ডির কার্যালয়ে লংমার্চে আগত বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎকারে একথা বলেন।
তিনি বলেন, লংমার্চ সফল হওয়ায় আত্মতৃপ্তিতে ভুগলে চলবে না। যার যার এলাকায় ফিরে গিয়ে নতুন প্রেরণা নিয়ে জনগণকে সাথে নিয়ে ১৪ দলের কর্মসূচি সফল করতে হবে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা এবং নির্বাচন কমিশন সংস্কারের দাবি আদায়ের মাধ্যমে আসন্ন নির্বাচনে বিজয়ী হওয়ার সর্বাত্মক চেষ্টা গ্রহণ করতে হবে।
তিনি বলেন, আমরা ১৪ দলীয়ভাবেই নির্বাচন করবো। দলের মনোনয়ন যাকেই দেওয়া হবে তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশ, জাতি ও গণতন্ত্রের স্বার্থে ঐক্যের কোনও বিকল্প নেই।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, আব্দুল মান্নান, আব্দুর রহমান প্রমুখ।
