২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরিকদের সঙ্গে আলোচনা ও সংসদীয় কমিটির বৈঠক শেষে সংসদে যাবে আওয়ামী লীগ

বিরোধী ১৪ দলীয় জোটের শরিকদের সাথে আরেক দফা আলোচনা এবং সংসদীয় দলের বৈঠক শেষে সংসদে যোগ দেবে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2006, 09:33 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

চলতি সপ্তাহেই আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে সোমবার সাংবাদিকদের সাথে আলাপকালে সংসদে বিরোধী দলীয় উপনেতা অ্যাডভোকেট আবদুল হামিদ আভাস দেন।

তিনি বলেন, জোটের বৈঠকে এবং আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে আমরা  কিভাবে সংসদে যাব।

তিনি আরও বলেন, আমরা সংসদের চলতি অধিবেশনেই যোগ দেব, তবে কিভাবে যাব সে ব্যাপারে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

ঠিক কোন দিন এ বৈঠক হবে তা তিনি জানাননি। তবে এ সপ্তাহেই হবে বলে তিনি ইঙ্গিত দেন।

দলের এমপিদেরকে প্রশ্ন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।

অ্যাডভোকেট হামিদ বলেন, আমরা সংসদে যোগ দিলে বাণিজ্য উপদেষ্টা কমিটির বৈঠকেও অংশ নেব।

সংসদের চলতি অধিবেশন আরও ১৫ দিন বাড়িয়ে দেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

রোববার লংমার্চ শেষে পল্টনের মহাসমাবেশে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা ঘোষণা করেন যে, আওয়ামী  লীগ তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন পদ্ধতি সংস্কারের ব্যাপারে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি সংসদে গিয়ে এ দাবি উত্থাপন করবেন।

বিরোধী দলীয় উপদেষ্টা বলেন, বেসরকারি বিল বা সংসদীয় বিধির ৬২ ধারা বা ৬৮ ধারা হিসেবে সংস্কার প্রস্তাব তুলে ধরা হবে।

বিরোধী দলের চিফ হুইপ ভাইস প্রিন্সিপাল আবদুস শহীদ বলেন, আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকের তারিখ এখন ঠিক করা হয়নি।

তিনি বলেন, কখন বৈঠক করা হবে তা নিয়ে আমরা আলোচনা করছি।

এ সপ্তাহে (শুক্রবারের আগে) বৈঠক বসছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হতে পারে’।

তিনি বিডিনিউজকে বলেন, আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং আন্দোলনের কারণ কি তা সংসদে তুলে ধরব। আমাদের নেত্রী শেখ হাসিনা এটি স্পষ্ট করে বলেছেন।

রোববারের মহাসমাবেশে শেখ হাসিনা সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, সংসদে তাদের সংস্কার প্রস্তাব মানা না হলে আওয়ামী লীগের সকল সাংসদ একযোগে পদত্যাগ করবেন।

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ গত এক বছর ধরে সংসদ বর্জন করে আসছে।