ইসি’র আপিলের শুনানির নতুন তারিখ ১৯ ফেব্রুয়ারি
ভোটার তালিকা সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের দায়ের করা আপিলের শুনানি ৬ ফেব্রুয়ারির পরিবর্তে ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজের মূল আপিলের সাথে দায়ের করা সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেন, বিচারপতি ফজলুল করিম ও বিচারপতি আমিরুল কবির চৌধুরীর সমন্বয়ে গঠিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ রোববার শুনানির নতুন তারিখ ১৯ ফেব্রুয়ারি নির্ধারণ করেন। প্রধান বিচারপতির সভাপতিত্বে আপিল বিভাগের ছয়জন বিচারপতির সমন্বয়ে গঠিত পূর্ণাঙ্গ আদালতে ওই শুনানি অনুষ্ঠিত হবে।
আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি আমিরুল কবির চৌধুরী ২ ফেব্রুয়ারি আপিলের আবেদনের শুনানির তারিখ ৬ ফেব্রুয়ারি ধার্য করেন।
নির্বাচন কমিশন হাইকোর্টের রায়ের তিনটি নির্দেশনার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ১ ফেব্রুয়ারি একটি আপিল দায়ের করে। হাইকোর্ট ওই নির্দেশনায় ২০০০ সালের ভোটার তালিকা অনুযায়ী আগামী সাধারণ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা প্রণয়নের পরামর্শ দেয়। এতে মৃত ভোটারদের নাম তালিকাভুক্ত না করা এবং ১৮ বছর বা তার বেশি বয়সীদের তালিকাভুক্ত করার ব্যাপারে আদেশ দেওয়া হয় এবং হাইকোর্টের এ নির্দেশানা গণমাধ্যমে প্রকাশের জন্য নির্বাচন কমিশনকে পরামর্শ দেওয়া হয়।
সম্পূরক আবেদনে আপিলের শুনানি স্থগিতের আবেদন জানানো হয়।
আপিল বিভাগে অ্যাড. এসআর খাসনবীশ এবং অ্যাড. তৌফিক ইনাম টিপুর সহযোগিতায় অ্যাড. খন্দকার মাহবুবুদ্দিন আহমেদ আবেদনকারীদের পক্ষে মামলা পরিচালনা করেন।
