সংস্কার প্রস্তাব নিয়ে সংসদে যাবে আ.লীগ, না মানলে পদত্যাগ; ষড়যন্ত্রের নির্বাচন হতে দেব না: লংমার্চে জনতার ম্যান্ডেট নিয়ে শেখ হাসিনা
প্রধান বিরোধী দল আওয়ামী লীগ জাতীয় সংসদে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব উত্থাপন করবে। সরকার সংসদে এই প্রস্তাব গ্রহণ না করলে দলীয় এমপিরা জাতীয় সংসদ থেকে একযোগে পদত্যাগ করবেন। দাবি আদায়ের লক্ষ্যে একই সঙ্গে রাজপথের আন্দোলন চালিয়ে যাবে আওয়ামী লীগসহ ১৪ দল।
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা চারদিনের লংমার্চ শেষে রোববার ঐতিহাসিক পল্টনের জনসমুদ্রে জনগণের ম্যান্ডেট নিয়ে এ ঘোষণা দেন।
এর আগে তিনি সারা দেশ থেকে আসা জনতার কাছে জানতে চান, এ প্রস্তাবে তাদের সম্মতি রয়েছে কি-না? এসময় জনতা দু’হাত তুলে তাদের সমর্থন জানায়।
শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আওয়ামী লীগসহ ১৪ দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আওয়ামী লীগ প্রধান পল্টন ময়দানের মঞ্চ থেকে ১৪ দলের পক্ষে ১৫ ফেব্রুয়ারি সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালসহ নতুন আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন।
শেখ হাসিনা বলেন, বিএনপি-জামাত জোট সরকার প্রশাসন, বিচার বিভাগ এবং সংসদকে দলীয়করণ করে ধ্বংস করেছে। নির্বাচন কমিশনকে দলীয়করণ করে নীলনকশার নির্বাচনের ষড়যন্ত্র করছেন প্রধানমন্ত্রী। এই দলীয় নির্বাচন কমিশনের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তাই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে হবে।
শেখ হাসিনা প্রধানমন্ত্রীর উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্বাচন নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করেন, বাংলার মানুষ তা মেনে নেবে না। ষড়যন্ত্রের কোনো নির্বাচন বাংলার মাটিতে হতে দেওয়া হবে না।
বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, শত বাধা দিয়েও লংমার্চ বন্ধ করতে পারেননি। লংমার্চ সফল করে জনগণ সংস্কারের পক্ষে গণরায় দিয়েছে। বাংলার মুক্তিকামী বিক্ষুব্ধ জনতার আওয়াজ শুনুন। কোনো অজুহাতে বাংলার মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে দেওয়া হবে না।
তিনি বলেন, দেশের মানুষ দুর্নীতিবাজ, ব্যর্থ, জঙ্গি, সন্ত্রাসী জোট সরকারকে আর এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চায় না। বাধা উপেক্ষা করে লংমার্চ কর্মসূচি সফলের মাধ্যমে জনগণ এ সরকারের প্রতি আবারও অনাস্থা জানিয়েছে। তাই সংস্কার প্রস্তাব মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগ করতে হবে। অন্যথায় দেশের মানুষ আন্দোলনের মাধ্যমে সরকারকে দাবি মানতে বাধ্য করবে। সংস্কার প্রস্তাবসহ জনগণের ন্যয্য দাবি না মেনে সরকার যাবে কোথায়?
শেখ হাসিনা লংমার্চ শেষে পল্টনসহ রাজধানীতে জনতার ঢল নিজ চোখে দেখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে বলেন, আসুন, দেখে যান। পুলিশ, র্যাব, সন্ত্রাসী ক্যাডার দিয়েও জনগণের এই লংমার্চ ঠেকাতে পারেননি। বাংলার মানুষ কোনো বাধা মানেনি। জাগ্রত জনতার কাছ থেকে শিক্ষা নিয়ে যান।
জোট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্যে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, ২০০৬ সাল হবে খালেদা-নিজামী সরকারের পতনের সাল। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জাগ্রত জনতা জোটের পতন ঘটাবেই ইনশাল্লাহ্।
শেখ হাসিনা জোট সরকারের বিরুদ্ধে মানুষ হত্যা, ভোট ও ভাতের অধিকার হরণ, জঙ্গিবাদের উত্থান ও জঙ্গি বোমাবাজ সন্ত্রাসী লালন, অর্থনীতি ধ্বংস, বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট এবং জনগণের অর্থ-সম্পদ লুটের অভিযোগ এনে বলেন, বাংলার মানুষ বাংলার মাটিতেই ওদের বিচার করবে। ওরা শেষ বেলায় এসে গরিব মানুষের অর্থ সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করছে। একদিন এর হিসাব নেবে বাংলার মানুষ।
আওয়ামী লীগ সভানেত্রী প্রজাতন্ত্রের কর্মচারিদের উদ্দেশ্য করে বলেন, জনগণের সেবার জন্যে আপনাদের বেতন দেওয়া হয়। আপনারা কোনো দলের নন। এই ব্যর্থ, দুর্নীতিবাজ, লুটেরাদের ক্রীড়ানক হিসেবে ব্যবহৃত হবেন না। আপনাদের সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে- জনগণের পাশে থেকে সেবা করবেন, না-কি সন্ত্রাসী লুটেরাদের পাশে থাকবেন, চিন্তা করুন। তবে মনে রাখবেন, অত্যাচারিদের বিচার বাংলার মাটিতে হবেই।
