১৪ দলের নতুন কর্মসূচি ঘোষণা: ১৫ ফেব্রুয়ারি হরতাল
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ১৫ ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালসহ আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছে।
চার দিনব্যাপী লংমার্চ শেষে পল্টন ময়দানের মহাসমাবেশে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এসব কর্মসূচি ঘোষণা করেন।
জ্বালানি, সার ও কীটনাশকসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থার সংস্কার, সরকার ও প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে এ হরতালের ডাক দেওয়া হয়।
এছাড়া ১৪ দলীয় জোট লংমার্চের আগে গণগ্রেপ্তার এবং বিভিন্নস্থানে লংমার্চকারীদের ওপর বাধা ও নির্যাতনের প্রতিবাদে সারাদেশে আগামী ৮ ফেব্রুয়ারি বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
মহাসমাবেশের সভাপতি শেখ হাসিনা তিনটি বিভাগীয় মহা সমাবেশের তারিখও ঘোষণা করেন।
রংপুর বিভাগীয় মহাসমাবেশ দিনাজপুরে আগামী ২৫ ফেব্রুয়ারি, চট্টগ্রামে ১ মার্চ এবং বরিশাল বিভাগীয় মহাসমাবেশ ৬ মার্চ অনুষ্ঠিত হবে।
