তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার দাবি মেনে নিতে সরকারের প্রতি ১৪ দল নেতাদের আহ্বান
তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার দাবিতে ঢাকা অভিমুখে লংমার্চে ১৪ দল নেতৃবৃন্দ তাদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
১৪ দল নেতৃবৃন্দ প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ এবং সদ্যনিয়োগপ্রাপ্ত দুই নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান ও এসএম জাকারিয়ার পদত্যাগ দাবি করেন।
লংমার্চের মিছিল সিরাজগঞ্জ অতিক্রমকালে হাটিকুমরুল-সিরাজগঞ্জ সড়কে আয়োজিত সমাবেশে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, সরকার পতন এখন সময়ের ব্যাপার মাত্র।
আব্দুল লতিফ মির্জার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ১৪ দল নেতা মহিউদ্দীন খান আলমগীর, অধ্যাপক আবু সাঈদ, ফজলে হোসেন বাদশা, খায়রুজ্জামান লিটন ও শামসুর রহমান দিলু এমপি।
ফকির আব্দুল হামিদের সভাপতিত্বে মাওয়ার কালীখোলাতে অপর এক সমাবেশে বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক এমপি, তোফায়েল আহমেদ, রাশেদ খান মেনন ও সাগুফতা ইয়াসমিন এমিলি।
রাজবাড়ীর গোয়ালন্দে অ্যাড. চিত্তরঞ্জন গুহের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, রনেশ মিত্র, পঞ্চানন বিশ্বাস এমপি ও শরীফ নুরুল আম্বিয়া।
সুরঞ্জিত সেন গুপ্ত এমপি ও মেয়র বদরউদ্দিন আহমেদ কামরানের নেতৃত্বে সিলেট অঞ্চল থেকে আসা লংমার্চ মিছিলটি নরসিংদীতে স্বাগত জানান রাজিউদ্দিন রাজু এমপি। র্যালিটি শহরের রায়পুরা ও আওয়ামী লীগ কার্যালয়ের সামনে যাত্রা বিরতি করে।
চট্রগ্রামের সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ফেনীর মহীপালে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন। এখানে আরো বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, এমএ মান্নান ও বীর বাহাদুর এমপি।
বিডিনিউজ গাজীপুর প্রতিনিধি জানান, ১৪ দলের প্রায় ১৫ হাজার নেতা-কর্মী ও সমর্থক শনিবার গাজীপুর পৌর এলাকায় এসে পৌঁছায় এবং সন্ধ্যায় তারা সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, মতিয়া চৌধুরী, সাবের হোসেন চৌধুরী, আক্তারাজ্জামান, ড.আমানুল্লাহ এমপি, ড. আব্দুর রাজ্জাক এমপি, রহমত আলী এমপি, সোহেল তাজ এমপি ও জাহিদ আহসান রাসেল এমপি।
