প্রথম আলোর বিরুদ্ধে মানহানির মামলা করলেন মীর্জা আব্বাস
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মীর্জা আব্বাস বৃহস্পতিবার দৈনিক প্রথম আলোর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিমূলক প্রতিবেদন ছাপার অভিযোগে মামলা দায়ের করেছেন।
মন্ত্রী ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির হয়ে পত্রিকার সম্পাদক মতিউর রহমান এবং প্রকাশক মাহফুজ আনামের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০/৫০১/৫০২ ধারায় একটি মামলা দায়ের করেন।
মুখ্য মহানগর হাকিম সৈয়দ মুজিবুল হক বাদির জবানবন্দি গ্রহণ শেষে অভিযুুক্ত দুই সিনিয়র সাংবাদিককে আগামী ১৬ ফেব্রুয়ারি সশরীরে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।
দৈনিক প্রথম আলো পত্রিকায় ৫ জানুয়ারি ‘রাজারবাগ পুলিশ কমপ্লেক্স নির্মাণে পূর্তমন্ত্রীর আপত্তি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পুলিশ কল্যাণ ট্রাস্ট এ ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছিল।
