সিলেটে ১৪ দলের মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত
আওয়ামী লীগসহ ১৪ দলের বিভাগীয় মহাসমাবেশের কারণে শাহজালাল-শাহপরানের স্মৃতি বিজড়িত নগরী সিলেট বুধবার লাখো মানুষের বাঁধভাঙা জোয়ারে কার্যত অচল হয়ে পড়ে।
মহাসমাবেশ উপলক্ষে অপরূপ সাজে সজ্জিত সিলেট নগরীর স্বাভাবিক কর্মকাণ্ড এসময় থমকে দাঁড়ায়।
স্থানীয় প্রশাসনের অনুমতি না পাওয়ায় সিলেট মাদ্রাসা ময়দানের পরিবর্তে রিকবি বাজার চৌরাস্তার মোড়ে ১৪ দলের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
হাজার হাজার মানুষের উপস্থিতিতে সিলেটে স্মরণকালের বৃহৎ সমাবেশ চৌরাস্তা ছাড়িয়ে আশপাশের রাস্তাগুলোতে ছড়িয়ে পড়ে।
মহাসমাবেশস্থলের পূর্বে কুমারপাড়া, নয়সিড়ক, পূর্ব জিন্দাবাজাড়, বন্দরবাজার, কোর্ট পয়েন্ট, কিনসব্রীজ, দক্ষিণ সুরমা, উত্তরে মীরের ময়দান, সুবিদ বাজার, পাঠানটোলা, মদিনা মার্কেট, শাহজালাল দরগা রোড, আম্বরখানা পয়েন্ট, দক্ষিণে মদনমোহন কলেজ পয়েন্ট, লামাবাজার, কাজীবাজার, পূর্বে মধুশহীদ, নিউ মেডিকেল রোড ও কাজল শাহ মাজার রোড প্রায় ১০ কিলোমিটার এলাকা এসময় সমাবেশ ময়দানে পরিণত হয়।
সিলেট নগরী ছাড়াও আশেপাশের বিভিন্ন জেলা ও থানা থেকে সকাল থেকেই সরকারবিরোধী মিছিল মহাসমাবেশ স্থলে আসা শুরু করে।
মিছিলে সরকারবিরোধী স্লোগান লেখা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড এবং বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতি শোভা পায়।
এছাড়া মহাসমাবেশ উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে দুই শতাধিক তোরণ নির্মাণ করা হয়।
সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সকাল ৯টায় বিমানযোগে সিলেট পৌঁছান।
মহাসমাবেশে যোগ দেওয়ার আগে শেখ হাসিনা হযরত শাহজালাল (র.), হযরত শাহ পরান (র.) ও হযরত গাজী বোরহান উদ্দিনের মাজার জিয়ারত করেন।
এরপর তিনি গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেতা ইব্রাহিম স্মরণে নির্মিত ইব্রাহিম স্মৃতি সংসদের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।
বিকেলে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা সিলেটবাসীসহ দেশের জনগণকে ক্ষমতাসীন জোট সরকারের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
