২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের বিষয়টি সম্পূর্ণই আদালতের: মান্নান ভূঁইয়া

বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া বলেছেন, “সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের পাঁচটি আপিলই নাকচ হয়ে যাওয়ার বিষয়টি সম্পূর্ণই আদালতের। আদালত যা রায় দেবে, তার বিরুদ্ধে মন্তব্য করা সমাচীন নয়। এ বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে, কে নির্বাচনে যোগ্য কিংবা অযোগ্য তার জন্য সুনির্দিষ্ট আইন আছে। কেউই আইনের ঊর্ধ্বে নন। কারও যদি আপত্তি থাকে তাহলে আদালতে গিয়ে নিষ্পত্তি করার সুযোগ রয়েছে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2006, 06:50 PM

Updated : 26 Apr 2022, 04:12 PM

রোববার বিকেলে আবদুল মান্নান ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ মন্তব্য করেন। তিনি বলেন, সংবিধানের বাধ্যবাধকতার মধ্যে নির্দিষ্ট সময়ে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এর বাইরে কোনো কিছু করার আর সুযোগ নেই। যারা নির্বাচনকে পেছানোর জন্য ভিন্ন মতলবে আছেন, তারা দেশে সাংবিধানিক সংকট তৈরি করতে চান।

বিএনপি নেতা দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে তত্ত্বাবধায়ক সরকার সব ধরনের সহযোগিতা করার আহবান জানিয়ে বলেন, “আমরা আগেও বলেছি, এখনো বলতে চাই, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে হবে। একইসঙ্গে এই নির্বাচনে সব দলের অংশগ্রহণও আমরা চাই। কিন্তু অবাস্তব সব দাবি দিয়ে ১৪ দল যেভাবে আন্দোলন করছে, তা কোনোভাবেই গ্রহনযোগ্য নয়।”

মান্নান ভূঁইয়া বলেন, এরইমধ্যে তাদের সব দাবিই তত্ত্বাবধায়ক সরকার মেনে নিয়েছে। আর কোনো কর্মসূচি না দিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের জন্য ১৪ দল নির্বাচনে অংশ নেবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, “জনগণ যাকে রায় দেবে, সেই জোটই ক্ষমতায় যাবে। আমরা সেই রায় মেনে নেবো।”